সাবেক মেয়র কিরণসহ পরিবারের ৪১ ব্যাংক হিসাব ফ্রিজ
গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন ব্যাংকের ৪১টি হিসাব ফ্রিজ বা লেনদেন স্থগিত করার আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, এসব ব্যাংক হিসাবে বর্তমানে মোট ৩৭ লাখ ২৫ হাজার ৯৩৪ টাকা জমা রয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আলমগীর হোসেন আজ এই ব্যাংক হিসাবগুলো জব্দের জন্য আদালতে আবেদন করেছিলেন।
আদালতের নথি ও দুদকের অনুসন্ধান সূত্রে জানা গেছে, আসাদুর রহমান কিরণ ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অবৈধ অর্থ এসব হিসাবে জমা রাখা হয়েছে। দুদক আশঙ্কা প্রকাশ করেছে যে, যেকোনো সময় এই অর্থ উত্তোলন করে বিদেশে পাচার বা অন্য কোথাও সরিয়ে ফেলা হতে পারে। এ কারণে সুষ্ঠু তদন্তের স্বার্থে ব্যাংক হিসাবগুলো জরুরি ভিত্তিতে ফ্রিজ করা প্রয়োজন বলে মনে করছে সংস্থাটি।

আদালত প্রতিবেদক