ময়মনসিংহে সড়কে নিম্নমানের উপকরণ ব্যবহার, দায় নিচ্ছে না কেউ
ময়মনসিংহের নান্দাইল-হোসেনপুর–পাকুন্দিয়া এবং গাজীপুরের টোক হয়ে ঢাকার পথে চলাচলকারী একমাত্র রাস্তা সংস্কারের নামে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার গুরুতর অভিযোগ উঠেছে। উল্লিখিত রাস্তার মধ্যে তিন কিলোমিটার রাস্তার সংস্কার চলমান রয়েছে। কাজের মান ঠিক রাখতে না পারলে সামনের বর্ষা মৌসুমেই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পরবে। চলমান কাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের কথা স্বীকার করলেও তার দায় নিচ্ছে না কেউ।
এ বিষয়ে নান্দাইল উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক বলেছেন, ময়মনসিংহের নান্দাইল-হোসেনপুর–পাকুন্দিয়া এবং গাজীপুরের টোক হয়ে ঢাকার সঙ্গে সংযুক্ত সড়কের আংশিক তিন কিলোমিটার রাস্তার সংস্কার কাজ চলমান রয়েছে। মঙ্গলবার রাতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে কাজের মান নিয়ে আপস না করার জন্য কঠোর নির্দেশ দিয়েছেন। এর আগে মঙ্গলবার সকালে নান্দাইল-টু-বাকচাঁন্দা সড়ক সংস্কারে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ নিয়ে তার অফিসে আসেন এলাকার কিছু ব্যক্তি। আমি এখন রাস্তাটি পরিদর্শনে যাচ্ছি।
নান্দাইল উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক আরও জানান, সংস্কার চলমান সড়কটির দৈর্ঘ্য তিন কিলোমিটার। এই সড়ক সংস্কারের জন্য ২ কোটি ত্রিশ লাখ টাকার প্রাক্কলন বরাদ্দ আছে। কাজের টেন্ডারে রাস্তার দুই পাশের পুরাতন এজিং ব্যবহারের নিয়ম রয়েছে। তাই এজিং তুলে ক্রাসার মেশিনে ভেঙে রাস্তায় যে উপকরণ ব্যবহার করা হচ্ছে তার মান খারাপ হলেও আমাদের কিছু করার নেই। তবে আমরা চেষ্টা করছি যাতে কাজের মান ঠিক রাখা যায়। কারণ রাস্তাটি একটি ব্যস্ততম রাস্তা। ওই সড়কে গড়ে ৫০টির অধিক বাস ঢাকায় চলাচল করে থাকে। সামনে বর্ষা আসছে। রাস্তাটির কাজ মানসম্মত না হলে দ্রুতই চলাচলের অযোগ্য হয়ে পড়বে।
স্থানীয়রা জানিয়েছেন, নান্দাইল জলসিঁড়ি বাসস্ট্যান্ড থেকে গড়ে ৫০টির অধিক বাস নান্দাইল হয়ে ঢাকায় চলাচল করে। সংস্কার চলমান রাস্তাটি নান্দাইল সদর থেকে দশ কিলোমিঠার দূরে অবস্থিত। নিম্নমানের কাজের বিষয়ে ঠিকাদার এবং উপজেলা প্রকৌশলীকে মৌখিক জানিয়েও কোন লাভ হয়নি। রাস্তায় নিম্নমানের উপকরণ ব্যবহার অব্যাহত রয়েছে।
ময়মনসিংহ এলজিইডির নির্বাহী প্রকৌশলী এবং নান্দাইল উপজেলা প্রকৌশলী জানান, রাস্তা সংস্কারের কাজ পেয়েছে ইঞ্জিনিয়ারিং সলিউশন নামে একটি প্রতিষ্ঠান। আর কাজ করছে ঐশি এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ওয়াসিম।
এ বিষয়ে আজ দুপুরে ঐশি এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ওয়াসিম বলেন, ইঞ্জিনিয়ারিং সলিউশন নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মিলন সাহেব কাজ পেয়েছেন, বাস্তবায়ন করছে ঐশি এন্টারপ্রাইজ। রাস্তার দুই পাশের পুরাতন এজিং তুলে বা ভেঙে রাস্তায় ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে রাস্তার পাশে নতুন এজিং করা হয়েছে। পুরাতন এজিং আমরা কোথায় রাখব। এ বিষয়ে আপনি কর্মকর্তাদের সাথে কথা বলতে পারেন। আমার কোন সমস্যা নাই।
এই অভিযোগের কথা স্বীকার করে ময়মনসিংহ এলজিইডির নির্বাহী প্রকৌশলী সালমান রহমান রাসেল বলেছেন, আজ (বুধবার) একজন কর্মকর্তা রাস্তা পরিদর্শনে যাবেন। রাস্তা নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহার হয়ে থাকলে সেই উপকরণ সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

আইয়ুব আলী, ময়মনসিংহ