ইফতার পার্টিতে আ. লীগের সাবেক এমপি, পরে আটক
পিরোজপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক ও পিরোজপুর-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক অধ্যক্ষ শাহ্ আলমকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার ডিপ্লোমা ইনস্টিটিউটের সামনে থেকে তাকে আটক করা হয়।
শাহ্ আলমের ছেলে মো. সাগর বলেন, বাবা ইফতার পার্টির একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ডিপ্লোমা ইনস্টিটিউটে যান। লোকজন তাকে চিনতে পেরে বিক্ষুব্ধ হয়ে ওঠে। এ সময় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে লোকজন রমনা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে বাবাকে থানায় নিয়ে যায়। বাবাকে রাজনৈতিক প্রতিহিংসার জন্য আটক করা হয়েছে।
রমনা থানা সূত্রে জানা যায়, বিক্ষুব্ধ জনসাধারণের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে শাহ্ আলমকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, শাহ্ আলম ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পিরোজপুর-২ আসন থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

রশিদ আল মুনান, পিরোজপুর