বান্দরবানে আগুনে পুড়ল দোকান ও বসতঘর
বান্দরবানে ভয়াবহ আগুনে পুড়েছে কয়েকটি দোকান ও বসতঘর। ছবি : এনটিভি
বান্দরবানে ভয়াবহ আগুনে পুড়েছে কয়েকটি দোকান ও বসতঘর। আজ সোমবার (২ মার্চ) ভোর সাড়ে পাঁচটার দিকে শহরের উজানীপাড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ভোরে হঠাৎ উজানীপাড়ার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে৷ এতে চারটি দোকান ও পার্শ্ববর্তী চারটি বসতঘরসহ আশপাশের কয়েকটি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ লাখ টাকা ছাড়িয়ে যাবে ধারণা ক্ষতিগ্রস্তদের।
বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তদন্ত শেষে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান