হাসপাতালের আইসিইউতে অগ্নিকাণ্ডে ভারতে নিহত ১০
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার একটি সরকারি হাসপাতালের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন রোগী নিহত হয়েছেন।
স্থানীয় সময় আজ সোমবার (১৬ মার্চ) ভোরে কাটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজি। খবর বিবিসির।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় সময় রাত প্রায় ২টা ৩০ মিনিটে হাসপাতালের ট্রমা কেয়ার আইসিইউতে আগুন লাগে।
মুখ্যমন্ত্রী জানান, আগুন লাগার সময় রোগীদের উদ্ধারে গিয়ে ১১ জন হাসপাতাল কর্মী দগ্ধ হয়েছেন। তাদের বর্তমানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আইসিইউ থেকে রোগীদের হাসপাতালের অন্যান্য বিভাগে সরিয়ে নেওয়া হয়।
ওড়িশার অন্যতম বৃহৎ সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতাল। আগুনে ট্রমা কেয়ার আইসিইউ ছাড়াও পাশের একটি আইসিইউ ও কয়েকটি ওয়ার্ড ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাজ্য সরকার নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। পাশাপাশি ঘটনাটি তদন্তে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
ভারতে প্রায়ই হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অধিকাংশ ক্ষেত্রেই বৈদ্যুতিক ত্রুটি এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়।

এনটিভি অনলাইন ডেস্ক