ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নৌপথে বিশেষ নজরদারি থাকবে : নৌপ্রতিমন্ত্রী
ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহণ মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। আজ শুক্রবার (৬ মার্চ) বরিশাল ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখা আয়োজিত ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নৌপ্রতিমন্ত্রী এ কথা বলেন।
নৌপ্রতিমন্ত্রী বলেন, ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় বা যাত্রী হয়রানি কোনোভাবেই সহ্য করা হবে না।
প্রতিমন্ত্রী জানান, ঈদকে ঘিরে দেশের নদীবন্দরগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা জোরদার করা হচ্ছে। বন্দর এলাকায় চুরি-ছিনতাই কিংবা যাত্রীদের হয়রানি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্ধারিত ভাড়া কার্যকর রাখতে নজরদারি বাড়ানো হবে।
নৌপ্রতিমন্ত্রী বলেন, রাজধানীর সদরঘাটে ঈদের সময় অতিরিক্ত চাপ কমাতে বিকল্প ঘাট ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পরীক্ষামূলকভাবে বছিলা ও কাঞ্চন ঘাট থেকে লঞ্চ চালুর পরিকল্পনাও রয়েছে সরকারের।
নৌপথ সচল রাখতে নদীর নাব্যতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, যেখানে প্রয়োজন সেখানে দ্রুত ড্রেজিং করা হবে, যাতে ঈদযাত্রায় লঞ্চ চলাচলে কোনো সমস্যা না হয়।
ইফতার মাহফিলে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক ডা. পারভেজ রেজা কাকনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাব শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. মো. নজরুল ইসলাম সেলিম।

আকতার ফারুক শাহিন, বরিশাল