যানবাহনের চাপ বাড়ছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। আগামীকাল থেকে টানা সরকারি ছুটি শুরু হতে যাওয়ায় শেষ কর্মদিবস শেষেই বাড়ির পথে রওনা হয়েছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ।
আজ সোমবার (১৬ মার্চ) দুপুরের পর থেকেই এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি এবং পণ্যবাহী যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। বিশেষ করে বিকেল ৪টার পর থেকে যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। তবে যানবাহনের আধিক্য থাকলেও এখন পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং কোথাও বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি।
হাইওয়ে পুলিশ জানায়, আজ সন্ধ্যা এবং আগামীকাল মঙ্গলবার ভোরের দিকে যানবাহনের চাপ আরও কয়েক গুণ বাড়তে পারে। ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে মহাসড়কে বাড়তি নজরদারি ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহামুদুল হক বলেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রাখতে আমাদের দুইটি মোবাইল টিম এবং চারটি পেট্রোল টিমসহ মোট ছয়টি টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ