ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীদের উদ্যোগে রাস্তা নির্মাণ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বড়পুকুরপাড় আলাকপুর খন্দকার বাড়ি এলাকায় মানবিক ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে প্রবাসীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘হিলফুল ফুজুল প্রবাসী কল্যাণ পরিষদ’।
সংগঠনটি সম্প্রতি প্রায় ৪ লাখ টাকা ব্যয়ে এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ করে স্থানীয়দের দীর্ঘদিনের যাতায়াত কষ্ট দূর করেছে। আগে কাঁচা ও ঝুঁকিপূর্ণ এই সড়ক দিয়ে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো এলাকাবাসীকে। নতুন সড়ক নির্মাণের ফলে এখন যাতায়াত অনেক সহজ ও স্বাচ্ছন্দ্যময় হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, এই উদ্যোগ এলাকার সার্বিক জীবনমানে ইতিবাচক প্রভাব ফেলেছে।
উন্নয়নমূলক কাজের পাশাপাশি পবিত্র রমজান মাস উপলক্ষে সংগঠনটি এক ব্যতিক্রমধর্মী গণইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে এলাকার কয়েকশ মানুষ অংশ নেন। এই আয়োজন সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন স্থানীয়রা।
সংগঠন সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে ১১০ জন প্রবাসী সদস্য নিয়ে যাত্রা শুরু করে এই পরিষদ। সভাপতি মো. আশ্রাফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রাসেল খন্দকার এবং সাধারণ সম্পাদক শুয়াইব আহমদ সোহাগের নেতৃত্বে এ পর্যন্ত সদস্যদের কষ্টার্জিত প্রায় ৬ লাখ টাকা অনুদান হিসেবে জমা হয়েছে। প্রবাসে অবস্থানরত সদস্যদের এই সহযোগিতায় তারা নিয়মিত বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছেন।

শাহনেওয়াজ শাহ, ব্রাহ্মণবাড়িয়া (সদর-আশুগঞ্জ-বিজয়নগর)