তেল নেওয়াকে কেন্দ্র করে ফিলিং স্টেশনে ভাঙচুর, আহত ২
ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুরে জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে একটি ফিলিং স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ১১টার দিকে মেসার্স হানিফ ফিলিং স্টেশনে এই হামলার ঘটনা ঘটে। এতে স্টেশনের দুজন কর্মচারী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাতে কয়েকশ মোটরসাইকেল চালক জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে অপেক্ষা করছিলেন। তেল দেওয়ার একপর্যায়ে লাইনের শৃঙ্খলা ভেঙে গেলে উপস্থিত চালকদের মধ্যে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ৩০ থেকে ৪০ জনের একটি উত্তেজিত দল লাঠিসোটা নিয়ে ফিলিং স্টেশনের অফিস কক্ষে অতর্কিত হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে।
হামলার বিষয়ে মেসার্স হানিফ ফিলিং স্টেশনের ম্যানেজার আব্দুল হালিম জানান, মোটরসাইকেল চালকদের মধ্যে হঠাৎ করেই বাকবিতণ্ডা শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই একদল লোক পাম্পে হামলা চালায়। আমাদের আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। হামলায় আমাদের দুজন কর্মচারী আহত হয়েছেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও