কুস্তির মঞ্চেই নিভে গেল ‘বলি হেলাল’র জীবন
গ্রামবাংলার ঐতিহ্যবাহী কুস্তি খেলার আনন্দঘন মুহূর্ত মুহূর্তেই রূপ নিল বিষাদে। কুমিল্লার লালমাই উপজেলায় কুস্তি লড়তে নেমে মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন হেলাল উদ্দিন মজুমদার (৫৩) নামে এক অভিজ্ঞ খেলোয়াড়। গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) রাত সোয়া ১০টার দিকে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের মোহনপুর আলিম মাদরাসা সংলগ্ন মাঠে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত হেলাল উদ্দিন স্থানীয়ভাবে ‘বলি হেলাল’ নামে পরিচিত ছিলেন। লাকসাম উপজেলার কোঁয়ার গ্রামের বাসিন্দা হেলাল পেশায় একজন মুদি দোকানদার হলেও কুস্তির ময়দানে ছিলেন অত্যন্ত পরিচিত মুখ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোহনপুর গ্রামের যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে এই কুস্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। খেলার দ্বিতীয় দিনে রেফারির উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়াই শুরু করেন হেলাল। লড়াইয়ের একপর্যায়ে প্রতিপক্ষ তাকে মাটিতে ফেলে দিয়ে এক পা ধরে কিছুটা টেনে নিয়ে যান। ওই সময়ে হঠাৎ হেলাল উদ্দিনের নড়াচড়া বন্ধ হয়ে যায়। দৃশ্যটি নজরে আসতেই আয়োজক দলের সদস্যরা মাঠে নেমে আসেন এবং খেলা স্থগিত করেন।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ছড়িয়ে পড়া ভিডিও এবং প্রাথমিক তথ্য পর্যালোচনা করে ধারণা করা হচ্ছে, খেলারত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্ট অ্যাটাক) তার মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় রাতেই মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাহফুজ নান্টু, কুমিল্লা