নড়াইলে অবৈধভাবে ডিজেল মজুত : দুই ব্যবসায়ীর জরিমানা
নড়াইলে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফার আশায় ডিজেল মজুত রাখার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলামের নেতৃত্বে সোমবার (৩০ মার্চ) রাতে বারইপাড়া ফেরিঘাট ও কলাবাড়িয়া এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৮ হাজার ৪০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বারইপাড়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে পিন্টু শেখের (৫৫) কাছ থেকে নয়টি ব্যারেলে মজুত রাখা ১ হাজার ৮০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। এই অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস কলাবাড়িয়া এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে খায়রুল শেখের (৪৫) কাছ থেকে ২৮ ব্যারেলে রাখা ৬ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করেন। অবৈধভাবে জ্বালানি মজুতের দায়ে তাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অভিযুক্ত ব্যবসায়ীরা জ্বালানি তেলের সংকটকে পুঁজি করে গোপনে এসব ডিজেল মজুত করেছিলেন এবং পরবর্তীতে চড়া দামে বিক্রির পরিকল্পনা করছিলেন। পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর সংশ্লিষ্ট ধারায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জব্দকৃত ডিজেল বিক্রির জন্য স্থানীয় ফিলিং স্টেশনে হস্তান্তর করা হয়েছে। বিক্রয়লব্ধ অর্থ সরকারি রাজস্ব কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নতুল ইসলাম জানান, অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধে ও জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

এম. মুনীর চৌধুরী, নড়াইল