৪৫০০ লিটার পেট্রলসহ ট্যাঙ্কলরি জব্দ, আটক ২
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় রুমি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার হাজার লিটার পেট্রলসহ একটি ট্যাঙ্কলরি জব্দ করা হয়েছে। গতকাল বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) উপজেলার বরংগাইল এলাকা থেকে ট্যাঙ্কলরিটি জব্দ করে।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মণীষা রানী কর্মকার এক ক্ষুদেবার্তায় জানান, নারায়ণগঞ্জ ডিপো থেকে ১৩ হাজার ৫০০ লিটার জ্বালানি নিয়ে একটি লরি রুমি ফিলিং স্টেশনে পৌঁছায়। এর মধ্যে নয় হাজার লিটার ডিজেল নিয়ম অনুযায়ী খালাস করা হলেও বাকি চার হাজার ৫০০ লিটার পেট্রল গোপনে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল।
ইউএনও ক্ষুদেবার্তায় আরও জানান, গোয়েন্দা তথ্য অনুযায়ী ওই পেট্রল শিবালয়ের টেপড়া এলাকায় অবস্থিত ‘মামুন এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানে পাঠানোর পরিকল্পনা চলছিল। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটির পেট্রল বিক্রির কোনো বৈধ অনুমোদন নেই।
ইউএনও ক্ষুদেবার্তায় আরও জানান, গোয়েন্দা উপস্থিতি টের পেয়ে লরিটি প্রথমে পালানোর চেষ্টা করলেও পরে আবার ফিলিং স্টেশনে ফিরে আসে। সেখান থেকেই সেটি জব্দ করা হয়। পরে জব্দ করা পেট্রল শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) জিম্মায় রাখা হয়েছে এবং নিয়মিত মামলার নির্দেশ দেওয়া হয়েছে।
শিবালয় থানার ওসি মনির হোসেন জানান, এ ঘটনায় রুমি ফিলিং স্টেশনের ম্যানেজার বাবুল এবং অভিযুক্ত ডিলার মামুনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের দাবি, রুমি ফিলিং স্টেশনে দীর্ঘদিন ধরেই ‘তেল নেই’ অজুহাতে গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হতো। অথচ রাতের আঁধারে সেই তেল বেশি দামে বিক্রি করা হতো। ফলে ভোক্তাদের প্রতি লিটার পেট্রল কিনতে ১৮০ থেকে ২২০ টাকা পর্যন্ত গুনতে হয়েছে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ