আড়াই লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল পুড়িয়ে ধ্বংস
চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর পশ্চিমে নীলকমল ইউনিয়নের ঈশানবালা বাজারে অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার মিটার নতুন নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত এসব জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
আজ সোমবার (১৩ এপ্রিল) সকালে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ।
অভিযান পরিচালনাকারী হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক জানান, চলমান অভয়াশ্রম ও জাটকা সংরক্ষণ কার্যক্রমের আওতায় গতকাল রোববার (১২ এপ্রিল) বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত একটি যৌথ অভিযান চালানো হয়। উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর ও কোস্টগার্ডের এই অভিযানে ঈশানবালা বাজারের জয়নাল আবেদীনের দোকান থেকে আনুমানিক ২ লাখ ৫০ হাজার মিটার অব্যবহৃত কারেন্ট জাল জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত জালগুলো রোববার রাতেই হাইমচর নয়ানী কোস্টগার্ড আউটপোস্ট পন্টুন সংলগ্ন মাঠে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বাড়ৈ উপস্থিত ছিলেন।
অভিযানে কোস্টগার্ড হাইমচর নয়ানী আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মো. নাসির উদ্দীনসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শরীফুল ইসলাম, চাঁদপুর