মাদারীপুরে বিজ্ঞান মেলার উদ্বোধন
মাদারীপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (১৯ এপ্রিল) সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহান্দার আলী মিয়া। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিবা শাবাবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া এ ধরনের আয়োজনের প্রশংসা করে শিক্ষার্থীদের প্রযুক্তির সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। মোবাইলের ভালো ও মন্দ- দুটি দিকই আছে। আমরা যদি খারাপ দিকে ধাবিত হই, তবে ভালো জ্ঞান হারিয়ে যাবে। তরুণ প্রজন্মকে এ বিষয়ে সচেতন থাকতে হবে।
কিশোর গ্যাং ও মাদক প্রসঙ্গে অভিভাবকদের সতর্ক করে জাহান্দার আলী মিয়া আরও বলেন, বর্তমানে কিশোর গ্যাং ও মাদকের প্রতি আসক্তি বাড়ছে। শুধু প্রশাসন বা রাজনৈতিক দলের ওপর দায় চাপিয়ে এটি প্রতিরোধ করা সম্ভব নয়, অভিভাবকদেরও সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
এবারের মেলায় মাদারীপুর সদর উপজেলার ১৫টি স্কুল ও ৩টি কলেজের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হওয়ার অনুপ্রেরণা দেন।

এম. আর. মুর্তজা, মাদারীপুর