পেট্রল মজুত করে বিক্রির অপরাধে ব্যবসায়ীর কারাদণ্ড
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধভাবে পেট্রল ও ডিজেল মজুত করে বিক্রির অপরাধে আব্দুর রহিম নামের এক ব্যবসায়ীকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (২২ এপ্রিল) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত আব্দুর রহিম উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের ধর্মপুর বাজারের ব্যবসায়ী এবং ধর্মপুর গ্রামের জামাল উদ্দীনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশ নিয়ে গাইবান্ধা-গোবিন্দগঞ্জ সড়কের ধর্মপুর বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় আব্দুর রহিমের দোকানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুত করা ৬৫ লিটার ডিজেল ও ২৭ লিটার পেট্রল জব্দ করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।
এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আব্দুর রহিমকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইরাম খান বলেন, গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন কোনো অন্যায়কে মেনে নেবে না। এ রকম অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

খায়রুল বাসার, গাইবান্ধা (গোবিন্দগঞ্জ)