শিশু নিনাদ হত্যা : দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড
ঢাকার মেরাদিয়ায় বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র সাফওয়ান আল নিনাদ (৮) হত্যা মামলায় জহিরুল ইসলাম ওরফে লুড্ডু এবং তার স্ত্রী মোছা. খাদিজা আক্তার রাণীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার (২৭ এপ্রিল) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমী এই রায় ঘোষণা করেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তুষার সাজার তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিচারক কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড করেছেন। এর মধ্যে ১০ হাজার টাকা যাবে রাষ্ট্রীয় কোষাগারে। বাকী ৯০ হাজার টাকা ভিকটিমের পরিবারকে দিতে আদালত নির্দেশ দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত দুই আসামি সম্পর্কে নিনাদের নানা-নানী।
ওয়ালিউল ইসলাম তুষার বলেন, রায় ঘোষণার আগে জামিনে থাকা দুই আসামি আদালতে হাজির হন। রায় শেষে তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।
মামলার নথি থেকে জানা গেছে, ২০১৮ সালের ১৫ জুন রাতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন নিনাদ। পরদিন (ঈদের দিন) দুপুরে বাড়ির পাশে বেকারির পণ্যবাহী একটি ভ্যানগাড়ির ভেতরে শিশুটির লাশ দেখতে পায় এলাকাবাসী। ওই দিনই অজ্ঞাতনামাদের আসামি করে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিনাদের বাবা স্বপন বেপারী। থানা পুলিশ, ডিবি পুলিশ ও পিবিআইয়ের পর মামলার তদন্তভার পায় সিআইডি। দায়িত্ব পেয়ে তারা দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেন।
পরে ২০২১ সালের ৮ জুন দুই জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকর্তা সিআইডি পুলিশের ইন্সপেক্টর মাইনুল ইসলাম।

আদালত প্রতিবেদক