ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির তৃতীয় বৈঠক আজ বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে এই বৈঠকে সংসদীয় কার্যক্রম ও গুরুত্বপূর্ণ দুটি বিল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ড. মুহাম্মদ ওসমান ফারুক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, মুহাম্মদ নওশাদ জমির, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, মো. মুজিবুর রহমান, মো. রফিকুল ইসলাম খান এবং জি. এম. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
আলোচনার মূল কেন্দ্রে ছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) বিল ২০২৬ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল ২০২৬। কমিটির সদস্যবৃন্দ বিল দুটির বিভিন্ন ধারা ও প্রয়োজনীয় সংশোধনী নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন। দীর্ঘ পর্যালোচনার পর বিলগুলো প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুততম সময়ের মধ্যে রিপোর্ট আকারে জাতীয় সংসদের অধিবেশনে উত্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বৈঠকে অন্যদের মধ্যে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক