৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
কক্সবাজার টেকনাফে সাবরাং নয়াপাড়া ও শাহপরীরদ্বীপ এলাকার নাফ নদ থেকে দুই ডিঙি নৌকাসহ সাত মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ২টার দিকে নাফ নদের শূন্য রেখায় এ ঘটনা ঘটে।
জেলেরা হলেন সাবরাং নয়াপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে আব্দুর রহমান, নুরুল ইসলামের ছেলে আবদুল মতলব, মকবুল আহমেদের ছেলে গুরা মিয়া, আব্দুস সালামের ছেলে মো. হাসান এবং শাহপরীরদ্বীপ ডেইলপাড়ার আহমদ আলী, নুরুল আবসার ও আবদুর রহিম।
স্থানীয় ইউপি সদস্য আবুল ফয়েজ জানিয়েছেন, দুপুরে মাছ ধরার সময় হঠাৎ করে আরাকান আর্মির সদস্যরা তাদের নৌকাসহ জিম্মি করে নিয়ে যায়। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জেলেদের স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তার আশংকা, দ্রুত পদক্ষেপ না নিলে এমন ঘটনা আরও বাড়তে পারে।
আটক জেলে আহমদ আলীর স্ত্রী মুন্নি আক্তার বলেন, ‘আমার স্বামীসহ সাতজনকে ধরে নিয়ে গেছে। আমরা খুব গরিব মানুষ। সে মাছ ধরে যা আয় করে, তা দিয়েই আমাদের সংসার চলে। তাকে না পেলে আমরা বাঁচব কীভাবে?’
নৌকার মালিক আব্দুস শুক্কুর জেলেদের উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি বলেন, ‘জেলেদের ওপর এ নীপিড়ন বন্ধ না হলে উপকূলে দুর্ভিক্ষ শুরু হবে।’
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, ঘটনাটি তার নজরে এসেছে। সংশ্লিষ্ট বিওপি কমান্ডারকে বিস্তারিত জানার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি যাচাই শেষে জেলেদের ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ জানান, জেলেদের ফিরিয়ে আনতে কোস্ট গার্ড ও বিজিবির সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।

নোমান অরুপ, কক্সবাজার (টেকনাফ)