নবীনগরে অটোরিকশার চালককে কুপিয়ে হত্যাচেষ্টা
বাবু নামে এক যুবকের বিরুদ্ধে অটোরিকশাচালক হৃদয়কে প্রকাশ্যে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার (৩ মে) সকাল ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের জমিদারবাড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী হৃদয় উপজেলা সদরের বিজয়পাড়ার বাসিন্দা রহিস মিয়ার ছেলে এবং অভিযুক্ত বাবু উপজেলা সদরের কলেজ পাড়ার বাসিন্দা ফার্মেসি ব্যবসায়ী মো. আমানুল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কথা কাটাকাটির মধ্যেই হঠাৎ দেশীয় অস্ত্র নিয়ে অভিযুক্ত বাবু ভুক্তভোগী অটোরিকশার চালক হৃদয়কে অতর্কিত হামলা করে পালায়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা হৃদয়কে উদ্ধার করে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠায়।
ভুক্তভোগী হৃদয়ের বড় ভাই নূরে আলম বলেন, আমার ছোট ভাই প্রতিদিনের মতো সকালে অটোরিকশা নিয়ে নবীনগর সদর বাজারে বের হলে কলেজপাড়ার সন্ত্রাসী বাবু ও তার সহযোগীরা অটোতে চালের বস্তা নেওয়ার কথা বলে তাকে জমিদার বাড়ির রাস্তায় নিয়ে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। বর্তমানে আমার ভাইয়ের অবস্থা সংকটাপন্ন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
স্থানীয় বাসিন্দা সোহেল খান বলেন, নবীনগর পৌর এলাকায় ইদানীং কিশোর গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনক হারে বেড়েছে। পাশের বিভিন্ন উপজেলা থেকে অপরাধীরা এসে এখানে গ্রুপ তৈরি করে দিনের বেলায় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। তুচ্ছ ঘটনায় হামলায় সাধারণ মানুষ এখন দিশেহারা। আমরা এলাকাবাসী অতি দ্রুত হামলাকারী বাবুকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব কান্তি নাথ বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। হামলাকারীকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

কাউছার আলম, ব্রাহ্মণবাড়িয়া (নবীনগর-বাঞ্ছারামপুর)