নৈশভোজে ট্রাম্পকে হত্যাচেষ্টায় অভিযুক্ত কোল টমাস
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। হোয়াইট হাউসের সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজে গুলি চালানোর ঘটনায় তার বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে। এ নিয়ে নতুন করে নিরাপত্তা পর্যালোচনা শুরু হয়েছে।
কোল টমাস অ্যালেনকে সোমবার (২৭ এপ্রিল) ওয়াশিংটন ডিসির আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা ছাড়াও আগ্নেয়াস্ত্র সংক্রান্ত দুটি অভিযোগ আনা হয়েছে। যদিও তিনি কোনো দোষ স্বীকার করেননি। খবর বিবিসির।
প্রসিকিউটরদের দাবি, শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে অনুষ্ঠিত নৈশভোজে নিরাপত্তা চৌকি ভেঙে ঢোকার সময় তার কাছে একটি সেমি-অটোমেটিক পিস্তল, একটি শটগান এবং তিনটি ছুরি ছিল।
ঘটনার সময় গুলিবিদ্ধ হন একজন সিক্রেট সার্ভিস সদস্য, তবে তিনি বুলেটপ্রুফ জ্যাকেট পরা থাকায় গুরুতর আহত হননি। দোষী প্রমাণিত হলে অ্যালেনের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
আদালতে হাজিরার সময় নীল জাম্পস্যুট পরা অ্যালেনকে শান্ত দেখা যায়। বিচারকের প্রশ্নের জবাবে তিনি সংক্ষিপ্তভাবে উত্তর দেন এবং জানান তার মাস্টার্স ডিগ্রি রয়েছে।
প্রসিকিউশনের পক্ষে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনিন পিরো বলেন, হামলার আগে পরিবারের কাছে পাঠানো বার্তায় অ্যালেন উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করেছিলেন।
শনিবারের ঘটনায় ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং অন্যান্য কর্মকর্তাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ জানান, গুলিবিদ্ধ সিক্রেট সার্ভিস সদস্য আত্মরক্ষায় পাঁচ রাউন্ড গুলি ছোড়েন এবং অ্যালেনকে দ্রুত গ্রেপ্তার করা হয়।
তদন্তে জানা গেছে, অ্যালেন ২১ এপ্রিল লস অ্যাঞ্জেলেসের টরেন্স থেকে যাত্রা শুরু করে ট্রেনে শিকাগো হয়ে ওয়াশিংটনে পৌঁছান এবং ঘটনার আগের দিন হোটেলে ওঠেন।
তার বিরুদ্ধে অভিযোগ, তিনি বিভিন্ন অঙ্গরাজ্য পাড়ি দিয়ে পরিকল্পিতভাবে এই হামলার চেষ্টা করেন।
প্রসিকিউটররা বলেছেন, এই হামলাকে সন্ত্রাসবাদ হিসেবে বিবেচনা করা হতে পারে এবং আরও অভিযোগ আনা হতে পারে। বর্তমানে তিনি তদন্তে সহযোগিতা করছেন না বলেও জানা গেছে।
ঘটনার পর প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে কর্তৃপক্ষ বলছে, আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়নি।
এদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।

এনটিভি অনলাইন ডেস্ক