রাজধানীর শ্যামপুরে রিকশা ভ্যান উল্টে চালক নিহত
রাজধানীর শ্যামপুরের ধোলাইপাড় এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় একটি রিকশা ভ্যান উল্টে চালক মো. শফিকুল ইসলাম (৩৮) নিহত হয়েছেন।
আজ রোববার (১৭ মে) দুপুর দেড়টার দিকে ধোলাই পাড় জালালাবাদ হামিদা সিএনজি ফিলিং স্টেশনের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি ভ্যানচালককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা উদ্ধারকারী পথচারী মিজান শেখ গণমাধ্যমকে জানিয়েছেন।
মিজান শেখ বলেন, দুপুরে চালক শফিকুল ইসলাম মালামাল নিয়ে রিকশা ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। সেই সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা ভ্যানটিকে ধাক্কা দিলে, ভ্যানটি উল্টে পড়ে চালক গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে বেলা পৌনে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের বড় ভাই শরিফুল ইসলাম বলেন, ‘দুপুরে শফিকুল ভাড়া ভ্যানে বাসাবো এলাকা থেকে মালামাল নিয়ে যাচ্ছিল। দুপুরে খবর পাই সে দুর্ঘটনার শিকার হয়েছে। পরে ঢামেক হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।’
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
মৃত শফিকুল ইসলাম গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার রাজনগর গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে। রাজধানীর সবুজবাগ বাসাবো খেলার মাঠের পাশে ভাড়া বাসায় থাকতেন তিনি।

নিজস্ব প্রতিবেদক