রাজবাড়ীতে অতিরিক্ত ভাড়া আদায়, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনসাধারণের যাত্রা নিরাপদ রাখা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাজবাড়ীতে ভ্রাম্যমাণ পরিচালনা করা হয়। নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায়ের অভিযোগে বিভিন্ন পরিবহণকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৩১ মে) বিকেলে রাজবাড়ী জেলার প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীনের নির্দেশনায় রাজবাড়ী শহরের মুরগি ফার্ম বাসস্ট্যান্ড এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত চলাকালে বিভিন্ন বাস কাউন্টারে তদন্ত করে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে কি না তা যাচাই করা হয়। একই সঙ্গে বিভিন্ন পরিবহণের বাসে থাকা যাত্রীদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযানে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে সড়ক পরিবহণ আইনে সপ্তবর্ণা পরিবহণ ও গোল্ডেন লাইন পরিবহণকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আদায় করা অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া জামান পরিবহণের কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে এবং যাত্রীদের হয়রানি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মো. কবির হোসেন, রাজবাড়ী