পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুলিশের একটি টহল গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মহাসড়কে চলাচল নিষিদ্ধ অবৈধ থ্রি-হুইলার আটককে কেন্দ্র করে সংঘটিত এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।
আজ মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টার দিকে নিমসার পাইকারি সবজি বাজার এলাকায় এই সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা অনুযায়ী মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে সকালে ময়নামতি হাইওয়ে থানার একটি নিয়মিত টহল দল নিমসার এলাকায় অভিযান চালিয়ে কয়েকটি অবৈধ থ্রি-হুইলার (সিএনজি ও ইজিবাইক) আটক করে। এতে ক্ষুব্ধ হয়ে থ্রি-হুইলার চালক ও স্থানীয় শ্রমিকদের একটি সংঘবদ্ধ দল পুলিশের ওপর চড়াও হয় ও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে হাইওয়ে পুলিশের টহল গাড়িতে অতর্কিত ইটপাটকেল নিক্ষেপ ও ব্যাপক ভাঙচুর চালায়। এতে পুলিশের গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন জানান, সরকারি দায়িত্ব পালনকালে অবৈধ থ্রি-হুইলার আটকের জেরে ৩০ থেকে ৩৫ জনের একটি সংঘবদ্ধ দল লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি পিটিয়ে ভাঙচুর করে মহাসড়কে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে।
হামলার খবর পেয়ে দ্রুত অতিরিক্ত পুলিশ ও জেলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের তৎপরতায় দুপুরের দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ওসি আরও জানান, সরকারি কাজে বাধা প্রদান এবং পুলিশের গাড়ি ভাঙচুরের এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করার কাজ চলছে। অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাহফুজ নান্টু, কুমিল্লা