চাঞ্চল্যকর ডাক্তার বাকি হত্যায় দুজনের যাবজ্জীবন
সিরাজগঞ্জের চাঞ্চল্যকর ডাক্তার বাকি মির্জা হত্যা মামলায় বেসরকারি এক ওষুধ কোম্পানির প্রতিনিধিসহ দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার (২৪ জুন) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ এর বিচারক লায়লা শারমিন এই কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, বেসরকারি ওষুধ কোম্পানির প্রতিনিধি ও সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর মহল্লার বাসিন্দা জাকারিয়া মাসুদ (৪৩) ও সদর উপজেলার বহলী ইউয়িনের খাগা গ্রামের আনোয়ার হোসেন কিরণ (৪৫)।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুজ্জোহা শাহানশাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আসামি আনোয়ার হোসেন কিরণ আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি জাকারিয়া মাসুদ পলাতক রয়েছেন। এছাড়া আসামি ডা. আবদুল লতিফ মামলাটি নিয়ে হাইকোর্টে রিভিশন করায় আদালতের নির্দেশে তার বিরুদ্ধে বিচার কার্যক্রম বন্ধ রয়েছে। রিভিশন নিস্পত্তি হলে তার বিরুদ্ধে বিচার কাজ শুরু হবে।
এপিপি আরো বলেন, ২০১১ সালের ১৬ এপ্রিল রাতে সিরাজগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. বাকি মির্জাকে সিরাজগঞ্জ কলেক্টরেট চত্বরের সরকারি ব্যাচেলর কোয়ার্টারের নিজকক্ষে হাত-পা বেঁধে জবাই করে হত্যা করা হয়। মামলার চার্জশিটে ডা. বাকি মির্জার সঙ্গে আসামি রুহুল আমিন বাবুর স্ত্রী এশার পরকীয়া সম্পর্কই খুনের মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে ২০১২ সালের ২০ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। আসামি রুহুল আমীন বাবুর মৃত্যু হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ