২৩০৭৫ বোতল যৌন উত্তেজক সিরাপ ধ্বংস বিজিবির
জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে জব্দ করা আনুমানিক অর্ধকোটি টাকারও বেশি মূল্যের ২৩ হাজার ৭৫ বোতল অবৈধ ও মানবদেহের জন্য ক্ষতিকর যৌন উত্তেজক সিরাপ ধ্বংস করা হয়েছে। গতকাল বুধবার (১ জুলাই) বিকেলে জয়পুরহাটের জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনের সড়কে- রোলার দিয়ে প্রকাশ্য জনসমুক্ষে এসব যৌন উত্তেজক সিরাপ ধ্বংস করা হয়।
এ সময় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিলন চন্দ্র এবং আদালতের পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ১৪ মার্চ জয়পুরহাট-২০ বিজিবির ব্যাটালিয়নের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট পৌর শহরের জানিয়ার বাগান এলাকায় একটি কুরিয়ার সার্ভিসের গোডাউনে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ও চালানের উদ্দেশ্যে রাখা ২৩ হাজার ৭৫ বোতল মানব শরীরের জন্য ক্ষতিকর যৌন উত্তেজক বিভিন্ন সিরাপ জব্দসহ এ ঘটনায় জড়িত থাকায় একজনকে আটক করে। এসব জব্দ করা সিরাপের মূল্য ধরা হয় ৫২ লাখ ৭৭ হাজার ৫৫০ টাকা। এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়।
সংগৃহীত ওই মামলার আলামতসহ জব্দ করা ওই যৌন উত্তেজক সিরাপগুলো সংশ্লিষ্ট প্রশাসনের উপস্থিতিতে প্রকাশ্যে সড়কের ওপর রোলার দিয়ে ধ্বংস করা হয়।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট