তিন শর্তে জামিন পেলেন ‘এস্তে’ মেডিকেলের পরিচালক ফয়সাল
যৌন নিপীড়নের মামলায় ‘এস্তে’ মেডিকেল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফয়সালের জামিন দিয়েছেন আদালত। আজ রোববার (৫ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এই আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) তাহমিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতে পাঁচ লাখ টাকার মুচলেকায় জামিন দেওয়া হয়েছে। এছাড়া জামিনের তিনটি শর্ত রয়েছে। শর্তগুলো হলো—তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে, জামিনের অপব্যবহার করা যাবে না এবং আদালতের অনুমতি ছাড়া বিদেশে যাওয়া যাবে না।
এর আগে গত ১ জুলাই উচ্চ আদালতের দেওয়া ৮ সপ্তাহের জামিনের মেয়াদ শেষ হলে ফয়সাল ঢাকার আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত ওইদিন তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নথি থেকে জানা গেছে, গত বছরের জুন মাসে অভিযুক্ত ফয়সাল তার নিকট আত্মীয় এক কিশোরীকে বিভিন্ন স্থানে নিয়ে যান। অভিযোগ রয়েছে, প্রথমে তাকে ধূমপানে প্ররোচিত করার চেষ্টা করা হয়। পরে গুলশানে একটি অফিসে ডেকে নেওয়ার পরও একই চেষ্টা করা হয়। এরপর একদিন গাড়ি চালানো শেখানোর কথা বলে তাকে যৌন নিপীড়ন করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
নথি থেকে আরও জানা যায়, পারিবারিক সম্পর্কের অবনতি হওয়ার আশঙ্কায় ভুক্তভোগী প্রথমদিকে বিষয়টি গোপন রাখেন। পরে চলতি বছরের ১৭ এপ্রিল বড় বোনের বিয়ের অনুষ্ঠানে অভিযুক্তকে দেখে তিনি চিৎকার করলে পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পারেন। এরপর গত ২৩ এপ্রিল ভুক্তভোগীর বাবা গুলশান থানায় মামলা দায়ের করেন।

আদালত প্রতিবেদক