ক্যানসারের সঙ্গে লড়াইয়ে শিশু আফরিন, সাহায্যের আবেদন
যে বয়সে ফ্রক পরে উঠোনময় ছুটে বেড়ানো, পুতুল খেলা আর একটু-আধটু বায়না ধরার কথা ছিল, সেই সাড়ে ছয় বছর বয়সেই মরণব্যাধি ক্যানসারের সঙ্গে জীবন-মৃত্যুর পাঞ্জা লড়ছে গোপালগঞ্জের শিশু আফরিন হোসেন। দীর্ঘ চার বছর ধরে চলা এই লড়াইয়ে মেয়ের চিকিৎসা খরচ চালাতে গিয়ে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন বাবা-মা। বর্তমানে অর্থাভাবে থমকে গেছে তার চিকিৎসা। ফুটফুটে এই শিশুটিকে বাঁচাতে সমাজের হৃদয়বান ও বিত্তশালী মানুষের দিকে চাতক পাখির মতো চেয়ে আছেন এক অসহায় বাবা-মা।
পারিবারিক সূত্রে জানা যায়, লড়াইটা শুরু হয়েছিল চার বছর আগে, যখন আফরিনের বয়স মাত্র আড়াই বছর। তখন তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে, যা পরবর্তীতে ক্যানসারে রূপ নেয়। এই অল্প বয়সেই আফরিনের মাথায় একে একে ৫ বার অস্ত্রোপচার (অপারেশন) করা হয়েছে। সহ্য করতে হয়েছে ৩০টি রেডিওথেরাপির তীব্র যন্ত্রণা। এতদিন দেশে চিকিৎসা চললেও ইদানিং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বর্তমানে কোনো শক্ত খাবার তো দূরে থাক, সামান্য তরলটুকুও আফরিনের গলা দিয়ে নামছে না। চিকিৎসকদের জরুরি পরামর্শে তাকে তড়িঘড়ি করে ভারতের ভেলোরের সিএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার মাথায় ষষ্ঠবারের মতো অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে।
আফরিনের বাবা আবুল হোসেন গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের গোপনীয় সহকারী (সিএ) হিসেবে কর্মরত। মধ্যবিত্তের সীমিত আয়ের এই মানুষটি মেয়ের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে ইতোমধ্যে নিজের জমিজমা বিক্রি করেছেন, বন্ধক রেখেছেন শেষ সম্বল, কাঁধে নিয়েছেন বিশাল ঋণের বোঝা। চিকিৎসকেরা জানিয়েছেন, ভারতের এই অপারেশনের জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজন প্রায় ১২ লাখ টাকা। কিন্তু একজন নিম্ন আয়ের বাবার পক্ষে এই মুহূর্তে এত টাকা জোগাড় করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
চিকিৎসকেরা জানিয়েছেন, সঠিক সময়ে অস্ত্রোপচার করা সম্ভব হলে আফরিনকে সুস্থ করে তোলা সম্ভব। সন্তানের জীবন বাঁচাতে নিজের সমস্ত আত্মসম্মান ও অহংকার ভুলে সমাজের কাছে হাত পেতেছেন এক নিরুপায় বাবা। সকলের সামান্য সহযোগিতাই পারে এই নিষ্পাপ শিশুটিকে নতুন জীবন দিতে, তার বাবা-মায়ের কোলে হাসিমুখ ফিরিয়ে দিতে।
আফরিনকে সাহায্য পাঠানোর ঠিকানা-
০১৬৭৭-২৫৭২৯৪ (বিকাশ, নগদ ও রকেট (পারসোনাল)) (আবুল হোসেন, আফরিনের বাবা ও হোয়াটসঅ্যাপ)
ব্যাংক অ্যাকাউন্ট-
হিসাবের নাম- জি এম আবুল হোসেন
হিসাব নম্বর : 6109334085112
রাউটিং নম্বর : 200350792
সোনালী ব্যাংক পিএলসি, পাঁচুড়িয়া শাখা, গোপালগঞ্জ।

মাসুদ পারভেজ, গোপালগঞ্জ