হাতিয়ায় জোয়ারের পানিতে ভেসে এলো মরদেহ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোয়ারের পানিতে ভেসে আসা এক অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। গত এক সপ্তাহে এ নিয়ে চরাঞ্চলটি থেকে দ্বিতীয়বারের মতো কোনো মরদেহ উদ্ধার করা হলো।
গতকাল সোমবার (২০ জুলাই) রাত ১০টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে সকালে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ডেগিরচরের একটি বনে মরদেহটি জোয়ারের পানিতে আটকা পড়ে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুপুরের দিকে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত ওই ব্যক্তির পরনে ছিল একটি অন্তর্বাস ও হাফ টি-শার্ট। দীর্ঘ সময় পানিতে নিমজ্জিত থাকায় মরদেহটির চেহারা বিকৃত হয়ে গেছে, যার ফলে তাৎক্ষণিকভাবে তার বয়স ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেঘনা নদী থেকে জোয়ারের পানিতে মরদেহটি ভেসে এসে চরের বনে আটকে পড়ে।
এর আগে গত ১৬ জুলাই হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের হাসি মার্কেট সংলগ্ন ৯ নম্বর ওয়ার্ডের একটি কেওড়া বাগান থেকেও অনুরূপভাবে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছিল।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা এবং মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে।

মো. মাসুদ পারভেজ, নোয়াখালী