বাংলাদেশ ব্যাংক দিনে দিনে চাঁদের মতো হয়ে যাচ্ছে : মনিরুল হক
কুমিল্লা-৬ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, দিনে দিনে বাংলাদেশ ব্যাংক জনগণের কাছে চাঁদের মতো হয়ে যাচ্ছে। দেখা যায়, শোনা যায়, কিন্তু যাওয়া যায় না। এ ব্যাপারে কার্যকর কিছু না করলে জনগণের ওখান থেকে সুযোগ আহরণ করা অনেক কঠিন।
আজ রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে অর্থমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন রাখতে গিয়ে এসব কথা বলেন মনিরুল হক চৌধুরী।
সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের বিষয়টি মন্ত্রী দেখবেন কিনা? এর সঙ্গে শুধু বলব, আন্তর্জাতিক সার্টিফিকেশন ফান্ডিংয়ে আমাদের সরকার কোনো সহযোগিতা করবে কিনা, মেন্টরশিপ অ্যান্ড গাইডেন্সে এ ব্যাপারে আমাদের কার্যকর কোনো সরকারি ভূমিকা থাকবে কিনা, আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়েতে কোনো কার্যকর ভূমিকা রাখবেন কি না, মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই।
জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আসলে বাংলাদেশ ব্যাংকে যাওয়ার কোনো কারণ নেই। কারও সেন্ট্রাল ব্যাংকে যাওয়ার প্রয়োজনীয়তা থাকে না সাধারণত, বিশ্বে কোথাও নেই। বাংলাদেশ ব্যাংক যে প্রজেক্টগুলো দিয়েছে সেগুলো ডেলিভারি হয় অন্যান্য প্রজেক্টের মাধ্যমে, অন্যান্য ব্যাংকের মাধ্যমে, অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে। সেই প্রতিষ্ঠানগুলো কাজ করছে কিনা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংকে যাওয়ার কারও কোনো প্রয়োজনীয়তা নেই। আসলে আমরাও কোনোদিন বাংলাদেশ ব্যাংকে যাইনি আজ পর্যন্ত। যখন বাংলাদেশ ব্যাংকে যেতে হবে তখন মনে করবেন, দেশের অবস্থা ভালো না। যদি সঠিকভাবে আপনার প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়, কারও বাংলাদেশ ব্যাংকে যাওয়ার দরকার নেই।
আমির খসরু আরও বলেন, দ্বিতীয় প্রশ্নটা আপনি তুলেছেন, সেটা হচ্ছে গেটওয়ে নিয়ে। ইতোমধ্যে আমরা গেটওয়েগুলো খুলে দিয়েছি। গেটওয়েতে ওপেন ফর এভরিবডি। পেপল আছে, আরও যারা আছে সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা এগুলোকে উন্মুক্ত করে দিতে চাই। কোনো পার্টিকুলার কোম্পানিকে দিতে চাই না। পেপলের চেয়ে অন্যদের ব্যবহার আরও বেশি হচ্ছে। পেপলের নাম আমরা অনেকদিন ধরে শুনছি। এজন্য পেপলের কথা সবাই বলে। আমরা এগুলো এত সহজীকরণ করছি, যাতে আমাদের দেশের তরুণ সমাজ আইটি রিলেটেড ব্যবসাতে, আইটি রিলেটেড কর্মকাণ্ডে পুরোপুরিভাবে অংশগ্রহণ করতে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক