সাভারে এসআই খুন : মূল অভিযুক্ত জহিরুল পাঁচ দিনের রিমান্ডে, গ্রেপ্তার ১১
সাভারের আমিন বাজারের বড়দেশি এলাকায় গত শনিবার দিনগত রাতে পুলিশের উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন (৫৮) হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের মধ্যে আটজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), দুজনকে গোয়েন্দা পুলিশ ও একজনকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।
এদের মধ্যে হত্যা মামলার এক নম্বর আসামি জহিরুলকে (৩২) আজ সোমবার (৭ সেপ্টম্বর) ১০ দিনের রিমান্ড প্রার্থনা করে আদালতে পাঠানো হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকা পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জহিরুল সাভারের বড়দেশি পশ্চিম পাড়ার মুসলিম উদ্দিনের ছেলে।
গ্রেপ্তার করা সবাই এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ। এদের মধ্যে র্যাব-১০ মুন্সীগঞ্জ থেকে গ্রেপ্তার করে চারজনকে। এরা হচ্ছেন আলাউদ্দিন (২৬), আপন (৩০) সাভার থানার তিনটি মাদক মামলার আসামি, জিহাদ (২০), ইমরান (২৬)। অন্যদিকে র্যাব-৪ আমিনবাজার থেকে গ্রেপ্তার করে আরও চারজনকে। এরা হচ্ছেন নূর মোহাম্মদ রুদ্র (২৪), মো. রাকিব মিয়া (২৮), ছাব্বির আহম্মেদ (২৪) ও মো. ওয়াসিম (৪০)। গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া দুজন হলেন শুকুর ও দেলোয়ার। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।
নিহত আলতাফ হোসেন ঢাকার মালিবাগে পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত ছিলেন। ময়নাতদন্ত শেষে গতকাল রোববার রাত ১১টার দিকে গ্রামের বাড়ি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়ায় দাফন করা হয় তার মরদেহ। এ সময় এলাকারজুড়ে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ।
গত শনিবার রাতে আমিনবাজার বড়দেশি এলাকায় দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করে এসআই আলতাব হোসেনকে। এ ঘটনায় গুরুতর আহত তার ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
চাঞ্চল্যকর এই হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ওই দিন রাত থেকেই শুরু হয় সাঁড়াশি অভিযান। প্রত্যক্ষদর্শী, সিসি টিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে শনাক্ত করা হয় জড়িতদের। পরে গতকাল রোববার দুপুরে সাভার মডেল থানা সংলগ্ন নামা বাজার এলাকা থেকে আটক করা হয় হত্যাকাণ্ডের প্রধান আসামি জহিরুল ইসলামকে।
এই ঘটনায় নিহত এসআইয়ের স্ত্রী শিউলি পারভীন ১৫ জনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা করেন।
ঘটনার বিবরণে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে আমিনবাজার বড়দেশি গ্রামে প্রাইভেটকারে থাকা বখাটে দুর্বৃত্তরা এক বৃদ্ধ অটোরিকশাচালককে মারধর করেন। সেই ঘটনার প্রতিবাদ জানাতে গিয়েছিলেন ওই এলাকার বাসিন্দা এসআই আলতাব হোসেন। সেখানেই তাকেসহ তার ছেলেকে পিটিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। এরপর মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলতাব হোসেনকে মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহত তার ছোট ছেলে আরিফুল ইসলাম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

আদালত প্রতিবেদক
জাহিদুর রহমান