গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে
আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকসুদা ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার ( ২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এই আদেশ দেন।
এদিন ঢাকার সিএমএম আদালতে ১ দিনের রিমান্ড শেষে আসামি মাকসুদা ইসলামকে কারাগারে পাঠানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অপরদিকে আসামিপক্ষে কোনো জামিনের আবেদন করা হয়নি।
প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অপরদিকে গাজী নজরুলকে চার দিনের রিমান্ডে পাঠানো হয়।
গত রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেরেবাংলা নগরের ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়।
পরে মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন। এতে গাজী নজরুল ও মাকছুদা ইসলাম ছাড়াও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়।

আদালত প্রতিবেদক