যাত্রা শুরু করল ‘এমসিজে ক্লাব লিমিটেড’, প্রথম পর্ষদ বৈঠক অনুষ্ঠিত
দেশজুড়ে গণযোগাযোগ, সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজের সাবেক শিক্ষার্থীদের সংগঠিত করতে এবং পারস্পরিক নেটওয়ার্কিং বাড়ানোর লক্ষ্যে যাত্রা শুরু করেছে নতুন সামাজিক ও প্রফেশনাল ক্লাব ‘এমসিজে ক্লাব লিমিটেড’। ইতোমধ্যে জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি)-এর আনুষ্ঠানিক নিবন্ধন সম্পন্ন করে প্রতিষ্ঠানটি তাদের দাপ্তরিক কার্যক্রম শুরু করেছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় এমসিজে ক্লাব লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি হাসনাইন খুরশেদের সভাপতিত্বে এই সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রাকিব হাসনাত সুমন। সভায় পরিচালনা পর্ষদের অন্যান্য পরিচালকদের মধ্যে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন ইলিয়াস খান, শাহনাজ শারমিন রিমভি, শারমিন আখতার, আহমেদ সাগর, মুহাম্মদ জাহিদুল ইসলাম সজল, মহিউদ্দিন নিলয় এবং শাকিল হাসান।
১৩ সদস্যের এই পরিচালনা পর্ষদের অন্যান্য পরিচালকরা হলেন—জাহিদ নেওয়াজ খান জুয়েল, সাইদ ইসলাম, নুরুল করিম ভূঁইয়া এবং শাহেদ আলম।
সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী, দেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা, মিডিয়া স্টাডিজ, ব্রডকাস্ট অ্যান্ড টেলিভিশন জার্নালিজম কিংবা সংশ্লিষ্ট বিভাগের সাবেক শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত ও নীতিমালা পূরণ সাপেক্ষে এই ক্লাবের সাধারণ সদস্যপদ গ্রহণ করতে পারবেন। দ্রুততম সময়ের মধ্যে আগ্রহী যোগ্য প্রার্থীদের সদস্যপদ প্রদানের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব ব্যবস্থাপনা কমিটি।
শুক্রবারের সভায় ক্লাবের কার্যনির্বাহী কমিটির পরিচালকদের মধ্যে দায়িত্ব বন্টন, সদস্য পদ প্রদান ও বিশেষ নম্বর বরাদ্দ সংক্রান্ত নির্দেশিকা চূড়ান্ত করা হয়। এছাড়া সার্বিক কার্যক্রম গতিশীল করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাব-কমিটি গঠন করা হয়েছে।
ক্লাব পরিচালকরা জানান, আগামী দিনে এমসিজে ক্লাব লিমিটেড তার সম্মানিত সদস্য ও আন্তর্জাতিক কর্পোরেট ইন্ডাস্ট্রির মধ্যে পেশাগত মেলবন্ধন ও নেটওয়ার্কিং তৈরির পাশাপাশি সদস্য ও তাদের পরিবারের বিনোদনে নানা ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম গ্রহণ করবে।

এনটিভি অনলাইন ডেস্ক