জাবিতে ছাত্রদলের ধর্মঘট, তালায় ‘সুপার গ্লু’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিভিন্ন অফিস ও বিভাগে শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে ‘সুপার গ্লু’ লাগিয়ে ধর্মঘট পালন করছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
অর্থ পাচারের দায়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জেল-জরিমানার প্রতিবাদে এ ধর্মঘট ডাকা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ধর্মঘটের সমর্থনে শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান, কলা ও মানবিকী, জীববিজ্ঞান, বিজনেস স্টাডিজ, পদার্থ ও গাণিতিক বিষয়ক অনুষদ, প্রশাসনিক ভবন ও পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের প্রধান ফটকসহ বিভিন্ন শ্রেণিকক্ষের অর্ধশতাধিক তালায় ‘সুপার গ্লু’ লাগায় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার সকালে কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের তালা খুলতে গেলে দেখতে পান, তালায় ‘সুপার গ্লু’ দেওয়া আছে। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করা হলে নিরাপত্তাকর্মীদের সহায়তায় তালাগুলো কেটে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করা হয়।
সমাজবিজ্ঞান অনুষদের কয়েকজন কর্মচারী বলেন, ‘সকালে তালা খুলতে এসে দেখি, তালায় চাবি ঢুকছে না। পরীক্ষা করে দেখলাম, তালায় সুপার গ্লু লাগানো। পরে নিরাপত্তাকর্মীদের খবর দিলে তারা এসে তালা কেটে দিয়ে কক্ষ খুলে দিয়ে যান।’
জাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুর রহমান সৈকত বলেন, ‘অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অবৈধ সরকার যে রায় দিয়েছে, তা সাধারণ শিক্ষার্থীরা মেনে নেয়নি, যার কারণে তারা ধর্মঘটের সমর্থনে বিভিন্ন বিভাগের শ্রেণিকক্ষে তালা লাগিয়ে দিয়েছেন।’

জাবি সংবাদদাতা