উপস্থাপনায় ফিরলেন মুনমুন, দেখা মিলবে এনটিভিতে
একসময়ের জনপ্রিয় উপস্থাপিকা, অভিনেত্রী রুমানা মালিক মুনমুন কানাডা থেকে সম্প্রতি দেশে ফিরেছেন আড়াই বছর পর। দেশে ফিরেই কাজে যোগ দিয়েছেন তিনি। দীর্ঘ বিরতির পর তাঁকে আবারও দেখা যাবে চিরচেনা উপস্থাপনায়।
এনটিভির ‘লেমন ব্রাইট তোমার জন্য রান্না’ শিরোনামের রান্নাবিষয়ক একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি। গতকাল থেকে এনটিভির তেজগাঁও স্টুডিওতে শুটে অংশ নিয়েছেন।
২৬ পর্বের এই অনুষ্ঠানটি প্রযোজনা করছেন কাজী মোস্তফা। তিনি বলেন, ‘দীর্ঘদিন পর মুনমুন আপুর সঙ্গে কাজ করতে পারছি, এটাই ভালো লাগার। আপু খবুই বন্ধুত্বপূর্ণ; তাঁর সঙ্গে কাজটা উপভোগ করা যায়।’
কাজী মোস্তফা আরও জানিয়েছেন, ‘গতানুগতিক রান্নার অনুষ্ঠান নয় আমাদের এই আয়োজন। এখানে মুনমুন আপু উপস্থাপনা করছেন, তাঁর সঙ্গে শেফ মহিনুল হক থাকবেন। এ ছাড়া প্রতি পর্বে একজন করে অতিথি থাকবেন। আশা করছি, দর্শক উপভোগ করবেন অনুষ্ঠানটি।’

বিনোদন প্রতিবেদক