যে যাই বলুক না কেন, আমাকে কিন্তু মেশিনগানের সঙ্গে মানিয়েছে : আরিফিন শুভ
দেশের ৩২টি প্রেক্ষাগৃহে চলছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘মালিক’। মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে। পাশাপাশি প্রশংসাও পাচ্ছেন সিনেমার দুই তারকা। স্টার সিনেপ্লেক্সে চারটি শো দিয়ে যাত্রা শুরু করা সিনেমাটির প্রদর্শনী বেড়ে হয়েছে ১২টি। অন্যান্য মাল্টিপ্লেক্সেও বেড়েছে শো সংখ্যা।
সিনেমাটির প্রচারণার অংশ হিসেবে গতকাল স্টার সিনেপ্লেক্সের পান্থপথ শাখায় যান আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নানা বিষয়ে কথা বলেন শুভ।
আলোচনার একপর্যায়ে উঠে আসে সিনেমায় তাঁর মেশিনগান ব্যবহারের প্রসঙ্গ। এ বিষয়ে আরিফিন শুভ জানান, তিনি নিজেও পরিচালককে মেশিনগান ব্যবহার না করার পরামর্শ দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত কেন এটি ব্যবহার করা হয়েছে, সে প্রশ্নের উত্তর পরিচালক সাইফ চন্দনই ভালো দিতে পারবেন বলে মন্তব্য করেন তিনি।
তবে বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মজা করতেও ভোলেননি ঢাকার এই জনপ্রিয় চিত্রনায়ক। হাসতে হাসতে শুভ বলেন, ‘যে যাই বলুক না কেন, আমাকে কিন্তু মেশিনগানের সঙ্গে অনেক মানিয়েছে।’
সিনেমা নিয়ে নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। শুভ বলেন, ‘আমার যতটা অভিজ্ঞতা হয়েছে, তাতে দেখেছি অনেক আশা করেছি, কিন্তু সেই ছবি হয়তো ততটা দর্শকনন্দিত হয়নি। আবার অনেক টেনশন করেছি, কিন্তু সেই ছবি দর্শকনন্দিত হয়েছে। সিনেমার বিষয় আসলে অনিশ্চিত। এটা আগে থেকে বলা যায় না। এটাই সিনেমার সৌন্দর্য।’
আলাপচারিতায় ব্যক্তিগত একটি বিষয়ও তুলে ধরেন আরিফিন শুভ। তিনি জানান, তিনি যে পাঞ্জাবিটি পরে এসেছিলেন, সেটি তাঁর মায়ের শাড়ি দিয়ে তৈরি।
এ প্রসঙ্গে শুভ বলেন, ‘আপনারা বোধহয় জানেন, আমি মার জন্য পাগল। এই মুহূর্তে আমি যে পাঞ্জাবি পরে আছি, এটাও আমার মায়ের শাড়ি দিয়ে বানানো। ঈদের সময় উনার সব শাড়ি দিয়ে আমি পাঞ্জাবি বানিয়েছি। একেকবার একেকটা পরি। ঈদে আমি আর কিছু পরি না।’
‘মালিক’ সিনেমায় মা–ছেলের আবেগঘন সম্পর্কের বিষয়টি নিয়েও কথা বলেন তিনি। শুভ জানান, তিনি মা-অন্তঃপ্রাণ বলেই পরিচালক সাইফ চন্দন গল্পে সেই বিষয়টির প্রতিফলন রেখেছেন।

বিনোদন ডেস্ক