এ সপ্তাহে ওটিটিতে নতুন যা দেখবেন
প্রতি সপ্তাহেই নতুন সিনেমা ও ওয়েব সিরিজ নিয়ে দর্শকদের আগ্রহ থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে বাংলাদেশ, ভারত, স্পেন ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ভাষার কনটেন্ট। প্রেমের গল্প থেকে শুরু করে রাজনৈতিক দ্বন্দ্ব, অপরাধ, রহস্য ও ভৌতিক গল্পের নানা আয়োজন থাকছে তালিকায়। ২৯ ও ৩০ অক্টোবর মুক্তি পেতে যাওয়া উল্লেখযোগ্য ছয়টি কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
ক্যাফে আমব্রেলা (বাংলা ওয়েব ফিল্ম)
২৯ অক্টোবর
মুক্তি: আইস্ক্রিন
অভিনয়: বিদুষী বর্ণিতা, নাযাহ নাওয়ার, আমিনা ইসলাম, তৌসিফ মাহবুব, পার্থ শেখ, আরেফিন জিলানী
পরিচালক শিহাব শাহীন নির্মিত ওয়েব ফিল্মটির গল্প আবর্তিত হয়েছে চার জুটির সম্পর্ককে ঘিরে। ভালোবাসার মিষ্টি মুহূর্তের পাশাপাশি উঠে এসেছে সম্পর্কের টানাপোড়েন, ভুল-বোঝাবুঝি, মান-অভিমান ও আবেগের নানা দিক। লাক্স সুপারস্টার ২০২৫-এর সেরা তিন প্রতিযোগী বিদুষী বর্ণিতা, নাযাহ নাওয়ার ও আমিনা ইসলামের অভিনয়ে অভিষেক হচ্ছে এই ওয়েব ফিল্মের মাধ্যমে।
উইঙ্কল-টুইঙ্কল (বাংলা সিনেমা)
৩০ অক্টোবর
মুক্তি: হইচই
অভিনয়: ঋত্বিক চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, অনুসূয়া মজুমদার, অঙ্গনা রায়
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার আসছে ওটিটিতে। ব্রাত্য বসুর নাটক অবলম্বনে নির্মিত এই সিনেমার গল্পের কেন্দ্রে সব্যসাচী সেন নামের এক বামপন্থী রাজনৈতিক কর্মী। সত্তরের দশকে নিখোঁজ হওয়ার দুই দশকেরও বেশি সময় পর ফিরে আসে সে। কিন্তু তত দিনে বদলে গেছে সমাজ, রাজনীতি, পরিবার ও মানুষের আদর্শ। এমনকি নিজের ছেলেও বিশ্বাস করে তার বিপরীত রাজনৈতিক মতাদর্শে। পুরোনো বিশ্বাস ও বদলে যাওয়া সময়ের সংঘাত নিয়েই এগিয়েছে গল্প।
অবসেশন (ইংরেজি সিনেমা)
৩০ অক্টোবর
মুক্তি: জিওহটস্টার (ভারত)
অভিনয়: মাইকেল জনস্টন, ইন্ডি নাভারেট, কুপার টমলিনসন, মেগান ললেস
কারি বার্কার পরিচালিত ভৌতিক সিনেমাটির গল্প বিয়ার নামের এক তরুণকে ঘিরে। মিউজিক স্টোরে কাজ করা বিয়ার সহকর্মী নিকির ভালোবাসা পাওয়ার আশায় একটি জাদুকরি বস্তুর সাহায্য নেয়। তার ইচ্ছা পূরণ হলেও পরিস্থিতি দ্রুত ভয়ংকর হয়ে ওঠে। নিকির ভালোবাসা ধীরে ধীরে অস্বাভাবিক আসক্তিতে রূপ নেয়। এরপর সেই ভালোবাসার পরিণতি হয়ে ওঠে ভয়াবহ। সিনেমাটির মূল সংস্করণের পাশাপাশি হিন্দি ভাষায়ও দেখার সুযোগ থাকছে। জিওহটস্টারে ৩০ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে মুক্তি পাবে সিনেমাটির সম্পাদনাহীন সংস্করণ।
নকটার্ন (ইংরেজি সিরিজ)
৩০ অক্টোবর
মুক্তি: অ্যাপল টিভি
অভিনয়: লিভ শ্রাইবার, স্টিফেন গ্রাহাম, জাজি বিটজ, বিল ক্যাম্প
অপরাধ ও রহস্যনির্ভর সিরিজটির গল্প জোনাহ লিন নামের এক সাবেক সেনাসদস্য ও গোয়েন্দাকে ঘিরে। ফিলাডেলফিয়ার ব্যস্ত জীবন ছেড়ে পেনসিলভানিয়ার একটি ছোট শহরে পরিবারের সঙ্গে শান্তিতে থাকতে চেয়েছিল সে। কিন্তু কুখ্যাত সিরিয়াল কিলার জুরেক ওয়াল্টারের হামলায় তার পরিবার ও শহরের নিরাপত্তা হুমকির মুখে পড়ে। প্রিয়জনদের রক্ষা করতে ভয়ংকর এক লড়াইয়ে নামতে হয় জোনাহকে। ১০ পর্বের সিরিজটির প্রথম দুটি পর্ব মুক্তি পাবে ৩০ অক্টোবর। এরপর প্রতি শুক্রবার নতুন পর্ব প্রকাশিত হবে।
কলিশন কোর্স (স্প্যানিশ সিনেমা)
৩০ অক্টোবর
মুক্তি: নেটফ্লিক্স
অভিনয়: লাইয়া কোস্তা, কারা এলেহালদে, লুইস জাহেরা, তামার নোভাস
ড্যানিয়েল সানচেজ আরেভালোর পরিচালনায় নির্মিত থ্রিলার সিনেমাটির গল্প মাদ্রিদের একটি ব্যাংক ডাকাতিকে কেন্দ্র করে। অর্থনৈতিক সংকটের মধ্যে একদল ডাকাত ব্যাংকে হানা দেয়। কিন্তু পালানোর সময় একের পর এক অপ্রত্যাশিত ঘটনা ঘটতে থাকে। সাধারণ একটি ডাকাতির ঘটনা ক্রমেই পরিণত হয় প্রতারণা, ভয় ও বেঁচে থাকার লড়াইয়ে। দলের সদস্যদের প্রত্যেকের আলাদা উদ্দেশ্য ও গোপন সত্য গল্পে তৈরি করে নতুন উত্তেজনা।
আক্কা (হিন্দি সিরিজ)
৩০ অক্টোবর
মুক্তি: নেটফ্লিক্স
অভিনয়: কীর্তি সুরেশ, রাধিকা আপ্তে, তানভি আজমী, মহেশ মাঞ্জরেকর
আশির দশকের প্রেক্ষাপটে নির্মিত অপরাধনির্ভর সিরিজটির গল্প পেরনুরু নামের এক কাল্পনিক শহরকে ঘিরে। শহরটির ক্ষমতা ও আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করে নারীদের একটি শক্তিশালী গোষ্ঠী। তাদের নেতৃত্বে রয়েছে ভবানী ও রুদ্র। দুই ক্ষমতাধর নারীর দ্বন্দ্ব, প্রতিশোধ ও আধিপত্য বিস্তারের লড়াই একসময় পুরো সাম্রাজ্যকে হুমকির মুখে ফেলে। এর মধ্যে এক রহস্যময় বহিরাগত নারীর আগমন পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। যশরাজ ফিল্মস এন্টারটেইনমেন্ট প্রযোজিত সিরিজটি লিখেছেন ও পরিচালনা করেছেন ধর্মরাজ শেঠি।

বিনোদন ডেস্ক