এ সপ্তাহের ওটিটি
আরিফিন শুভর ‘হ্যাপিলি ম্যারিড’, বুবলীর ‘প্রেশার কুকার’, ওটিটিতে আরও যা দেখবেন
নতুন সিনেমা ও সিরিজের অপেক্ষায় থাকা দর্শকদের জন্য এ সপ্তাহে রয়েছে নানা আয়োজন। বাংলাদেশের আরিফিন শুভর ‘হ্যাপিলি ম্যারিড’ থেকে শুরু করে হলিউড তারকা বেন অ্যাফ্লেকের ‘অ্যানিমেলস’, জন সিনার ‘ম্যাচবক্স: দ্য মুভি’ এবং স্টিফেন কিংয়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘ক্যারি’, সব মিলিয়ে ওটিটি প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে বিভিন্ন ঘরানার কনটেন্ট। এ ছাড়া হইচইয়ে দেখা যাচ্ছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’। এ সপ্তাহের উল্লেখযোগ্য মুক্তির তালিকা থাকছে এ প্রতিবেদনে।
হ্যাপিলি ম্যারিড
প্ল্যাটফর্ম: চরকি
মুক্তি: ৮ অক্টোবর
অভিনয়: আরিফিন শুভ, কেয়া পায়েল, দীপা খন্দকার
বিয়ের পর দাম্পত্য জীবনের টানাপোড়েন নিয়ে নির্মিত ‘হ্যাপিলি ম্যারিড’। গল্পের এক প্রান্তে সহজ-সরল ও সৎ যুবক আনিস, অন্যদিকে উচ্চবিত্ত ও আধুনিক শহুরে পরিবেশে বেড়ে ওঠা অনামিকা। পারিবারিকভাবে বিয়ের পর দুজনের চিন্তা, অভ্যাস ও জীবনযাপনের পার্থক্য থেকে তৈরি হয় নানা জটিলতা। পরিচালনা করেছেন জাহিদ প্রীতম। এটি আরিফিন শুভ ও কেয়া পায়েলের প্রথম জুটি।
প্রেশার কুকার
প্ল্যাটফর্ম: হইচই
মুক্তি: ৮ অক্টোবর
পরিচালনা: রায়হান রাফী
অভিনয়: শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত, স্নিগ্ধা চৌধুরী
ঢাকা শহরের চার নারীর জীবনসংগ্রাম, চাপা কষ্ট ও টিকে থাকার লড়াই নিয়ে নির্মিত সিনেমা ‘প্রেশার কুকার’। শহরের বাস্তবতা, সামাজিক বৈষম্য ও নানা ধরনের শোষণের মুখে তাঁদের জীবনে জমতে থাকে ক্ষোভ ও হতাশা। একপর্যায়ে সেই চাপ কীভাবে বিস্ফোরিত হয়, তা নিয়েই সিনেমার গল্প। বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার ওটিটিতে দেখা যাচ্ছে সিনেমাটি।
অ্যানিমেলস
প্ল্যাটফর্ম: নেটফ্লিক্স
মুক্তি: ৯ অক্টোবর
পরিচালনা: বেন অ্যাফ্লেক
অভিনয়: বেন অ্যাফ্লেক, কেরি ওয়াশিংটন, জিলিয়ান অ্যান্ডারসন
রাজনৈতিক ষড়যন্ত্র ও অপহরণকে কেন্দ্র করে নির্মিত থ্রিলার ‘অ্যানিমেলস’। লস অ্যাঞ্জেলেসের মেয়র পদপ্রার্থী মার্ক কিমবলের ছেলেকে অপহরণ করা হলে বিপাকে পড়ে তার পরিবার। মুক্তিপণের অর্থ জোগাড় করতে গিয়ে মার্ক ও তার স্ত্রী অ্যাবিগেইল জড়িয়ে পড়েন প্রতারণা, গোপন তথ্য ও বিপজ্জনক সিদ্ধান্তের জালে। সিনেমাটির পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যেও কাজ করেছেন বেন অ্যাফ্লেক।
ক্যারি
প্ল্যাটফর্ম: প্রাইম ভিডিও
মুক্তি: ৭ অক্টোবর
নির্মাতা: মাইক ফ্লানাগান
অভিনয়: সামার এইচ. হাওয়েল, সামান্থা স্লোয়ান, সিয়েনা আগুডং
ভৌতিক গল্পের দর্শকদের জন্য এ সপ্তাহের উল্লেখযোগ্য মুক্তি ‘ক্যারি’। লেখক স্টিফেন কিংয়ের ১৯৭৪ সালের আলোচিত উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে সিরিজটি। এর কেন্দ্রে রয়েছে কিশোরী ক্যারি হোয়াইট, যে স্কুলে সহপাঠীদের নির্যাতন ও বুলিংয়ের শিকার হয়। পাশাপাশি তাকে সহ্য করতে হয় ধর্মান্ধ মায়ের কঠোর নিয়ন্ত্রণ। ক্যারির মধ্যে থাকা অতিপ্রাকৃত ক্ষমতা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। মাইক ফ্লানাগানের নির্মাণে সিরিজটিতে মূল গল্পকে আধুনিক সময়ের প্রেক্ষাপটে নতুনভাবে তুলে ধরা হয়েছে। আট পর্বের সিরিজটি এখন প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে।
রিপোর্টিং লাইভ
প্ল্যাটফর্ম: নেটফ্লিক্স
মুক্তি: ৯ অক্টোবর
পরিচালনা: ধ্রুব ত্রিপাঠী
অভিনয়: পরিণীতি চোপড়া, দেবেন ভোজানি, অমল পালেকর, আদিল হুসেন, শেখর সুমন
সাংবাদিকতার ঝুঁকি, অনুসন্ধান ও অপরাধজগতের সংঘাত নিয়ে নির্মিত থ্রিলার ‘রিপোর্টিং লাইভ’। গল্পে তরুণ সাংবাদিক সন্ধ্যা ও তার সহকর্মী বিনোদ একটি খবরের অনুসন্ধানে গিয়ে অবৈধ বালু উত্তোলন চক্রের মুখোমুখি হয়। সত্য উদ্ঘাটনের চেষ্টা করতে গিয়ে তারা জড়িয়ে পড়ে বিপজ্জনক পরিস্থিতিতে। প্রভাবশালী অপরাধীদের বিরুদ্ধে অনুসন্ধান চালিয়ে যেতে গিয়ে তাদের জীবনও হুমকির মুখে পড়ে।
ম্যাচবক্স: দ্য মুভি
প্ল্যাটফর্ম: অ্যাপল টিভি
মুক্তি: ৯ অক্টোবর
পরিচালনা: স্যাম হারগ্রেভ
অভিনয়: জন সিনা, জেসিকা বিয়েল, স্যাম রিচার্ডসন, টেয়োনাহ প্যারিস
শৈশবের বন্ধুদের নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়ার গল্প ‘ম্যাচবক্স: দ্য মুভি’। দীর্ঘদিন পর নিজ শহরে ফিরে আসে গোপন অভিযানে নিয়োজিত সিআইএ এজেন্ট শন। পুরোনো বন্ধুদের সঙ্গে পুনর্মিলনের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। একটি বিপজ্জনক আন্তর্জাতিক চক্রান্তে জড়িয়ে পড়ে পুরো দল। এরপর বিশ্বকে রক্ষা করতে শুরু হয় তাদের দুঃসাহসিক অভিযান। জনপ্রিয় খেলনা ব্র্যান্ড ম্যাচবক্স থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।
বিজয়নগরের হীরে
প্ল্যাটফর্ম: হইচই
মুক্তি: ১০ অক্টোবর
অভিনয়: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, আরিয়ান ভৌমিক
রহস্য ও অভিযানের গল্প পছন্দ করেন যাঁরা, তাঁদের জন্য আসছে ‘বিজয়নগরের হীরে’। সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের কাহিনি অবলম্বনে নির্মিত সিনেমাটিতে কাকাবাবু, সন্তু ও জোজো পাড়ি জমায় হাম্পিতে। বিজয়নগর সাম্রাজ্যের একটি মূল্যবান রত্নের সন্ধান ঘিরে এগিয়ে যায় তাঁদের অভিযান। ঐতিহাসিক স্থাপনা, রহস্য ও বিপদের মধ্য দিয়ে নতুন এক রোমাঞ্চকর অভিজ্ঞতার মুখোমুখি হবে চরিত্রগুলো।

বিনোদন ডেস্ক