জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’ ছাড়াও এই সপ্তাহে ওটিটিতে আরও যা দেখবেন
প্রতি সপ্তাহেই নতুন সিনেমা ও ওয়েব সিরিজের খোঁজে ওটিটি প্ল্যাটফর্মে চোখ রাখেন দর্শকরা। দেশ ও ভাষার গণ্ডি পেরিয়ে নানা ধরনের গল্প নিয়ে হাজির হচ্ছে নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, অ্যাপল টিভি, জিওহটস্টারসহ বিভিন্ন স্ট্রিমিং সেবা। চলতি সপ্তাহেও মুক্তি পাচ্ছে থ্রিলার, হরর, ক্রাইম, অ্যান্থোলজি ও পারিবারিক গল্পের বেশ কিছু আলোচিত কনটেন্ট। ১৪ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে মুক্তি পাওয়া ও আসন্ন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
আজও অর্ধাঙ্গিনী
ধরন: বাংলা সিনেমা
মুক্তি: হইচই, ১৮ সেপ্টেম্বর
অভিনয়: চূর্ণী গাঙ্গুলী, জয়া আহসান, কৌশিক সেন
প্রথম পর্বের দুই বছর পরের গল্প নিয়ে ফিরছে ‘আজও অর্ধাঙ্গিনী’। সুমন ও মেঘনার জীবনে কিছুটা স্থিতি এলেও সুমনের ভাই সুকান্তের বিয়েকে ঘিরে আবারও মুখোমুখি হয় শুভ্রা ও মেঘনা। দীর্ঘ বিরতির পর এই সাক্ষাৎ তাদের পুরোনো ক্ষত, সম্পর্কের টানাপোড়েন ও অতীতের নানা প্রশ্নকে নতুন করে সামনে নিয়ে আসে।
লাস্ট স্টোরিজ ৩
ধরন: হিন্দি অ্যান্থোলজি
মুক্তি: নেটফ্লিক্স, ১৮ সেপ্টেম্বর
অভিনয়: রাধিকা আপ্তে, কঙ্কণা সেনশর্মা, অদিতি রাও হায়দারি, বিজয় ভার্মা
প্রেম, যৌনতা, আকাঙ্ক্ষা ও সম্পর্কের জটিলতা নিয়ে তৈরি চারটি গল্পে সাজানো হয়েছে ‘লাস্ট স্টোরিজ ৩’। এবারের অ্যান্থোলজিতে নির্মাতা বিক্রমাদিত্য মোতওয়ানে, কিরণ রাও, শাকুন বাত্রা ও বিশাল ভরদ্বাজের গল্প থাকছে। আধুনিক ভারতের প্রেক্ষাপটে ভিন্ন ভিন্ন সম্পর্কের টানাপোড়েন তুলে ধরা হয়েছে এতে। (The Times of India)
স্লো হর্সেস: সিজন ৬
ধরন: ইংরেজি সিরিজ
মুক্তি: অ্যাপল টিভি, ১৬ সেপ্টেম্বর
অভিনয়: গ্যারি ওল্ডম্যান, জ্যাক লোডেন, ক্রিস্টিন স্কট টমাস
ব্রিটিশ গুপ্তচরবৃত্তির গল্প ‘স্লো হর্সেস’ ফিরেছে ষষ্ঠ সিজন নিয়ে। স্লফ হাউসের অবহেলিত এজেন্টরা এবার জড়িয়ে পড়ে প্রতিশোধ ও বিপজ্জনক ষড়যন্ত্রের ঘটনায়। নতুন সিজনে ডায়ানা ট্যাভারনারকে ঘিরে তৈরি হয় প্রতিশোধের অভিযান। আগের সিজনে মৃত বলে ধারণা করা এজেন্ট সিড বেকারের প্রত্যাবর্তনও এবারের গল্পে তৈরি করেছে নতুন চমক। (The Times of India)
লি ক্রোনিনস দ্য মমি
ধরন: ইংরেজি হরর সিনেমা
মুক্তি: জিওহটস্টার, ১৭ সেপ্টেম্বর
অভিনয়: জ্যাক রেনর, লাইয়া কোস্তা, নাতালি গ্রেস
আট বছর আগে মিসরে নিখোঁজ হয়ে যায় সাংবাদিক দম্পতি চার্লি ও তার স্ত্রীর মেয়ে কেটি। দীর্ঘ অপেক্ষার পর মেয়েকে ফিরে পেয়ে পরিবারে স্বস্তি নেমে আসার কথা। কিন্তু পুনর্মিলনের আনন্দ দ্রুতই আতঙ্কে পরিণত হয়। কারণ, ফিরে আসা কেটির মধ্যে অস্বাভাবিক কিছু লক্ষ করতে শুরু করে তার পরিবার। ‘ইভিল ডেড রাইজ’খ্যাত নির্মাতা লি ক্রোনিন পরিচালিত এই সিনেমায় মমি-পুরাণকে নতুন এক ভৌতিক গল্পে উপস্থাপন করা হয়েছে।
নিগলি
ধরন: ইংরেজি ক্রাইম সিরিজ
মুক্তি: প্রাইম ভিডিও, ১৬ সেপ্টেম্বর
অভিনয়: মারিয়া স্টেন, গ্রেস্টন হল্ট, অ্যাডেলিন রুডলফ
‘রিচার’ সিরিজের স্পিন-অফ ‘নিগলি’। গল্পের কেন্দ্রে রয়েছেন দক্ষ ব্যক্তিগত গোয়েন্দা ফ্রান্সেস নিগলি। ঘনিষ্ঠ এক বন্ধুর রহস্যজনক মৃত্যুর তদন্তে নেমে সে আবিষ্কার করে, ঘটনাটির পেছনে রয়েছে ক্ষমতাধর এক প্রতিপক্ষ ও জটিল ষড়যন্ত্র। তদন্ত যত এগোয়, ততই বিপদের মুখোমুখি হতে হয় তাকে।
মনস্টার: দ্য লিজি বোর্ডেন স্টোরি
ধরন: ইংরেজি ক্রাইম সিরিজ
মুক্তি: নেটফ্লিক্স, ১৭ সেপ্টেম্বর
অভিনয়: এলা বিটি, ভিকি ক্রিপস, রেবেকা হল, সারাহ পলসন
রায়ান মারফি ও ইয়ান ব্রেনানের ‘মনস্টার’ অ্যান্থোলজি সিরিজের চতুর্থ কিস্তি এটি। গল্পের পটভূমি ১৮৯২ সালের যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের একটি আলোচিত হত্যাকাণ্ড। বাবা অ্যান্ড্রু বোর্ডেন ও সৎমা অ্যাবিকে হত্যার অভিযোগ ওঠে তরুণী লিজি বোর্ডেনের বিরুদ্ধে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর খালাস পেলেও ঘটনাটি আজও রহস্য ও বিতর্কের জন্ম দেয়। সিরিজে লিজির চরিত্রে অভিনয় করেছেন এলা বিটি।
দ্য ডল
ধরন: পোলিশ পিরিয়ড সিরিজ
মুক্তি: নেটফ্লিক্স, ১৬ সেপ্টেম্বর
উনিশ শতকের ওয়ারশকে পটভূমি করে নির্মিত ছয় পর্বের এই সিরিজটি বোলেস্লাভ প্রুসের ১৮৯০ সালের উপন্যাস অবলম্বনে তৈরি। গল্পে উচ্চাকাঙ্ক্ষী ব্যবসায়ী স্তানিস্লাভ ভকুলস্কি অভিজাত পরিবারের ইজাবেলা লেঙ্কার প্রেমে পড়েন। শ্রেণিবৈষম্য, সামাজিক মর্যাদা, আবেগ ও উচ্চাকাঙ্ক্ষার সংঘাত এগিয়ে নেয় কাহিনি।
নট আ স্ট্রেঞ্জার
ধরন: তুর্কি থ্রিলার সিরিজ
মুক্তি: নেটফ্লিক্স, ১৭ সেপ্টেম্বর
সন্তান জন্মের পর নিজের ক্যারিয়ার থেকে দূরে সরে যায় ফুন্দা। একসময় সে তার সন্তানের দেখাশোনার দায়িত্বে থাকা নিখোঁজ ন্যানি নাজলিকে খুঁজে পায়। কিন্তু বহুদিন পর এই পুনর্মিলন স্বস্তি বয়ে আনে না। নাজলির আচরণে অস্বাভাবিকতা ধরা পড়তে শুরু করলে ফুন্দার পরিবার ঘিরে তৈরি হয় এক অস্বস্তিকর রহস্য।
প্লাস্টিক বিউটি
ধরন: জাপানি মেডিকেল ড্রামা
মুক্তি: নেটফ্লিক্স, ১৭ সেপ্টেম্বর
চিকিৎসাবিদ্যা ও সৌন্দর্যচর্চার জগতকে কেন্দ্র করে তৈরি এই জাপানি সিরিজে উঠে আসে মানুষের চেহারা, পরিচয় ও পরিবর্তনের নানা দিক। চলতি সপ্তাহে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া আন্তর্জাতিক কনটেন্টগুলোর তালিকায় রয়েছে সিরিজটি।
ইরুমুদি
ধরন: তেলুগু অ্যাকশন সিনেমা
মুক্তি: নেটফ্লিক্স, ১৮ সেপ্টেম্বর
রবি তেজা অভিনীত এই অ্যাকশন সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার ওটিটিতে আসছে। তেলুগুর পাশাপাশি তামিল, কন্নড়, মালয়ালম ও হিন্দি ভাষাতেও দেখা যাবে সিনেমাটি। গল্পে অ্যাকশন, সংঘাত ও প্রতিশোধের উপাদান রয়েছে।
থুডাক্কাম
ধরন: মালয়ালম সিনেমা
মুক্তি: জিওহটস্টার, ১৮ সেপ্টেম্বর
মালয়ালম অভিনেতা মোহনলালের কন্যা বিস্ময়া মোহনলালের অভিনয়ে আলোচনায় থাকা ‘থুডাক্কাম’ও এ সপ্তাহে ওটিটিতে মুক্তি পাচ্ছে। সিনেমাটি তাঁর অভিনয়জীবনের অন্যতম উল্লেখযোগ্য সংযোজন হিসেবে দর্শকদের আগ্রহ তৈরি করেছে।
পাপা ইয়ার
ধরন: হিন্দি স্ট্যান্ড-আপ স্পেশাল
মুক্তি: নেটফ্লিক্স, ১৮ সেপ্টেম্বর
হাস্যরসাত্মক পরিবেশনার জন্য পরিচিত জাকির খানের নতুন স্ট্যান্ড-আপ স্পেশাল ‘পাপা ইয়ার’ মুক্তি পাচ্ছে নেটফ্লিক্সে। ব্যক্তিগত অভিজ্ঞতা, সম্পর্ক ও জীবনের নানা পরিচিত পরিস্থিতিকে নিজের স্বাভাবিক রসবোধে উপস্থাপন করবেন তিনি।

বিনোদন ডেস্ক