জীবনসঙ্গীর মধ্যে যে গুণগুলো চান সাই পল্লবী
মুক্তির অপেক্ষায় থাকা ‘রামায়ণ: পর্ব ১’ সিনেমার প্রচারণায় ব্যস্ত অভিনেত্রী সাই পল্লবী। সম্প্রতি জনপ্রিয় রিয়ালিটি শো ‘কৌন বানেগা ক্রোড়পতি ১৮’ তে হাজির হয়ে জীবনসঙ্গী সম্পর্কে নিজের পছন্দের কথা জানিয়েছেন তিনি।
অনুষ্ঠানের সঞ্চালক অমিতাভ বচ্চন জানতে চান, জীবনসঙ্গী হিসেবে একজন পুরুষের মধ্যে কী কী গুণ থাকা প্রয়োজন। উত্তরে সাই বলেন, তাঁর সঙ্গীকে সবার আগে ভালো মানুষ হতে হবে। নিজের ভুল বুঝতে পারা, তা শুধরে নেওয়া এবং নিজের কাজের দায় স্বীকার করার মানসিকতাও থাকতে হবে তাঁর।
সাইয়ের মতে, ভুল যে কেউ করতে পারেন। তবে সেই ভুলের দায় অন্যের ওপর চাপিয়ে না দিয়ে নিজের আচরণ নিয়ে ভাবতে জানতে হবে। আত্মসমীক্ষার এই ক্ষমতাকেই জীবনসঙ্গীর গুরুত্বপূর্ণ গুণ হিসেবে দেখেন অভিনেত্রী।
এদিকে জীবনসঙ্গীর জন্য একটি মজার শর্তও জানিয়েছেন সাই। তাঁর কথায়, হবু সঙ্গী ভালো রান্না করতে জানলে সেটি হবে বাড়তি যোগ্যতা। অর্থাৎ, ভালো মানুষ হওয়ার পাশাপাশি রান্নায় দক্ষ পুরুষকেও পছন্দ তাঁর।
‘রামায়ণ: পর্ব ১’ সিনেমায় সীতার চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী। রামের চরিত্রে রয়েছেন রণবীর কাপুর। সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে এরই মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

বিনোদন ডেস্ক