বাংলাদেশি বংশোদ্ভূত তাহমিমার উপন্যাস নিয়ে হলিউডে টিভি সিরিজ
বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেখক তাহমিমা আনামের আসন্ন উপন্যাস ‘গুড বুকস’ অবলম্বনে তৈরি হচ্ছে টেলিভিশন সিরিজ। বইটি প্রকাশের আগেই এর স্বত্ব নিয়ে কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্রের পেসসেটার প্রোডাকশনস ও যুক্তরাজ্যের প্রযোজনা প্রতিষ্ঠান কুডোস। সিরিজটির চিত্রনাট্য তৈরিতে তাহমিমার সঙ্গে যুক্ত হয়েছেন এমি মনোনীত চিত্রনাট্যকার ও প্রযোজক অ্যালিসন ব্রাউন।
২৯ অক্টোবর বিনোদনবিষয়ক আন্তর্জাতিক সাময়িকী ভ্যারাইটির এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। অ্যালিসন ব্রাউনের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে জনপ্রিয় সিরিজ ‘এমিলি ইন প্যারিস’, ‘ইয়ঙ্গার’ ও ‘আপলোড’।
প্রকাশনা জগতের অন্দরমহল নিয়ে লেখা ‘গুড বুকস’ উপন্যাসটি প্রথম ঘোষণা করা হয় এডিনবরা বুক ফেস্টিভ্যালে। সেখানে বিভিন্ন আলোচনায় অংশ নিয়েছিলেন তাহমিমা আনাম। উৎসব চলাকালে যুক্তরাজ্যের প্রকাশনা সংস্থা ক্যাননগেট বইটির প্রকাশনা স্বত্ব কেনার ঘোষণা দেয়। ২০২৮ সালে প্রকাশিত হওয়ার কথা রয়েছে উপন্যাসটি। উত্তর আমেরিকায় বইটির প্রকাশনা স্বত্ব নিয়েছে ক্যাননগেটের সহযোগী প্রকাশনা সংস্থা স্ক্রিবনার।
প্রকাশনা সংস্থার বর্ণনায়, ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ ও ‘ইয়েলোফেস’-এর মিশেলে তৈরি হয়েছে উপন্যাসটি। এতে উঠে আসবে একটি বই তৈরির নেপথ্যের গল্প, প্রকাশনা জগতের ক্ষমতার সমীকরণ, নিজের যোগ্যতা নিয়ে সংশয় এবং সেই সংশয় কাটিয়ে সাফল্যের পথে এগিয়ে যাওয়ার লড়াই। পাশাপাশি মা-মেয়ের সম্পর্ক ও জীবনে বিকল্প অভিভাবক হয়ে ওঠা মানুষদের ভূমিকাও থাকবে গল্পে।
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র রায়া চ্যাটার্জি। নিউইয়র্কের একটি বইয়ের দোকানে কাজ করার সময় তার পরিচয় হয় লন্ডনের প্রভাবশালী সাহিত্য প্রতিনিধি প্রু ম্যাকনিলের সঙ্গে। এই পরিচয় রায়ার সামনে নতুন পেশার সুযোগ তৈরি করে। একই সঙ্গে তাকে ফিরিয়ে নিয়ে যায় জন্মশহর লন্ডনে, যেখানে অপেক্ষা করছে অতীতের কিছু গোপন সত্য।
সিরিজটির প্রযোজনায় রয়েছে পেসসেটার প্রোডাকশনস ও কুডোস। জেসিকা রোডস প্রতিষ্ঠিত পেসসেটার সম্প্রতি পিককের স্পাই থ্রিলার সিরিজ ‘পোনিস’ প্রযোজনা করেছে। এ ছাড়া ‘ব্ল্যাক মিরর’ ও আসন্ন কমেডি সিরিজ ‘কাঙ্ক অন সিনেমা’র সঙ্গেও যুক্ত রয়েছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে বানিজে গ্রুপের অংশ কুডোসের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘হাউস অব গিনেস’, ‘এসএএস: রোগ হিরোস’ ও ‘গ্রান্টচেস্টার’।
ঢাকায় জন্ম নেওয়া তাহমিমা আনাম আন্তর্জাতিকভাবে পরিচিত তার ‘বেঙ্গল ট্রিলজি’র জন্য। তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘আ গোল্ডেন এজ’, ‘দ্য গুড মুসলিম’ ও ‘আপ রাইজিং’। প্রথম উপন্যাসের জন্য পেয়েছেন কমনওয়েলথ রাইটার্স প্রাইজ। এ ছাড়া অর্জন করেছেন ও. হেনরি অ্যাওয়ার্ড। তার উপন্যাস ‘আপ রাইজিং’ অরওয়েল প্রাইজের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেয়। তিনি গ্রান্টার ‘বেস্ট অব ইয়ং ব্রিটিশ নভেলিস্ট’ তালিকায় স্থান পেয়েছেন এবং রয়্যাল সোসাইটি অব লিটারেচারের ফেলো।
তবে ‘গুড বুকস’ সিরিজটির সম্প্রচারমাধ্যম, অভিনয়শিল্পী কিংবা মুক্তির সময়সূচি এখনো ঘোষণা করা হয়নি। আপাতত উপন্যাসটি প্রকাশের আগেই টেলিভিশনে রূপ দেওয়ার প্রস্তুতি চলছে।

বিনোদন ডেস্ক