এবারও ‘প্রদর্শনযোগ্য’ হলো না সিমলার সিনেমা
নাম পরিবর্তন করেও সেন্সর ছাড়পত্র পাচ্ছে না চিত্রনায়িকা সিমলা অভিনীত ‘প্রেমকাহন’। এটি দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শন উপযোগী নয় বলে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।
এনটিভি অনলাইনকে আজ সোমবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. জসীম উদ্দিন।
এর আগে তরুণ নির্মাতা রুবেল আনুশ সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দিয়েছিলেন ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ শিরোনামে। তখনও সিনেমাটি নিয়ে একই সিদ্ধান্ত নিয়েছিল সেন্সর বোর্ড। এর পর কিছু পরিবর্তন এনে সিনেমাটি আবার সেন্সরের জন্য জমা দেওয়া হয়।
২০১৪ সালে নির্মাণকাজ শুরু হওয়া সিনেমাটির গল্প সত্য ঘটনা অবলম্বনে অসম প্রেমের। সিনেমাটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ‘ম্যাডাম ফুলি’খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সিমলা এবং ‘ঘেটুপুত্র কমলা’খ্যাত মামুন। সিনেমায় ৩৮ বছর বয়সি সিমলার সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন ১৮ বছরের তরুণ মামুন।
সিমলা-মামুন ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, রুমাই নোভিয়া, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া, আলিফ, মুসা, টুটুল চৌধুরী, আফরিন প্রমুখ।

বিনোদন প্রতিবেদক