এবার তারিনের প্রেমে সালমান মুক্তাদীর!
ইউটিউবার হিসেবে বাংলাদেশে বেশ জনপ্রিয় সালমান মুক্তাদীর। বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে এরই মধ্যে তিনি পরিচিতি লাভ করেছেন। জেসিয়ার সঙ্গে তাঁর প্রেমের ভিডিও আলোচিত। এবার তিনি প্রেমে পড়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী তারিনের!
তবে বাস্তবে নয়, জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরীর ঈদের নাটক ‘মেঘলা মনের মেয়ে’-তে দর্শক দেখবেন সালমান-তারিনের প্রেম।
সম্প্রতি রাজধানীর মিরপুরের ডিওএইচএসের একটি বাড়িতে নাটকটির শুটিং হয়। এরই মধ্যে শেষ হয়েছে নাটকের কাজ। এই নাটকের মধ্য দিয়ে দীর্ঘ ছয় বছর পর তারিনের সঙ্গে কাজ করলেন নির্মাতা চয়নিকা চৌধুরী।
নাটকে তারিন মূলত সালমান মুক্তাদীরের ভাবির চরিত্রে অভিনয় করেছেন। সালমানের বিয়ে ঠিক করতে দেশের বাইরে থেকে আসেন তারিন, তবে তারিনকে ছাড়া আর কাউকে বিয়ে করতে রাজি নন সালমান। একে অসম প্রেমের গল্প বলতে নারাজ নির্মাতা। এ বিষয়ে চয়নিকা চৌধুরী এনটিভি অনলাইনকে বলেন, ‘আসলে অসম প্রেম শুনতে কেমন যেন মনে হয়। আমি বলতে চাই অপ্রকাশিত অনুভূতি, যা আমরা সহজে প্রকাশ করতে পারি না। এমন গল্প নিয়েই নাটকটি নির্মাণ করেছি।’
শুটিং নিয়ে চয়নিকা চৌধুরী বলেন, ‘শুটিং হাউসগুলোতে শুট করার মতো সাহস পাচ্ছি না। যে কারণে বিকল্প চিন্তা করছি। এই নাটকের শুটিং করেছি মিরপুর ডিওএইচএসে, সেখানে আমার বন্ধু বীথি, তার স্বামী একজন মেজর। তাদের একটি ফ্ল্যাট রয়েছে, যেখানে কেউ থাকে না। তারা শুট করার জন্য আমাকে সেই ফ্ল্যাটটি খুলে দিয়েছিল। স্বাস্থ্যবিধি মেনে আমরা কাজটি করেছি।’
চয়নিকা জানান, ‘মেঘলা মনের মেয়ে’ তাঁর ৪০১তম নাটক। এটি রচনা করেছেন ফারিয়া হোসেন। তারিন ও সালমান ছাড়া অভিনয় করেছেন সামিয়া অথৈ, মিলি বাশার প্রমুখ।
আসছে কোরবানি ঈদে যেকোনো একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে প্রযোজক তুহিন বড়ুয়ার বরাত দিয়ে নিশ্চিত করেন চয়নিকা চৌধুরী।

বিনোদন প্রতিবেদক