‘চেনা মুখ অচেনা ঠিকানা’য় ইরফান-সারিকা
‘চেনা মুখ অচেনা ঠিকানা’ শিরোনামে একটি নাটকে জুটি বেঁধেছেন ইরফান সাজ্জাদ ও সারিকা সাবরিন। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ হয়েছে রোমান্টিক গল্পের এ নাটকটির।
এক বিজ্ঞপ্তিতে নাটকের গল্প প্রসঙ্গে জানা গেছে, আবির ও তুলি দুজনই চাকরিজীবী। সবকিছুতে ওভারস্মার্ট দুজন। কিন্তু একটা প্রবলেম দুজনের জীবনে প্রায় একইরকম। সেটা হচ্ছে তাদের বিয়ের ব্যাপারটা। দুজনেই বিয়ের জন্য পাত্র-পাত্রী নির্বাচন করতে পারছিল না। দুজনকে বিভিন্ন পাত্র-পাত্রী দেখানো হলেও দুজনই কাউকে পছন্দ করতে পারে না। অর্থাৎ তাদের মনের মতো পাত্র-পাত্রী খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাই দুজনই একের পর এক বিয়ে ভাঙতে থাকে। এদের দুজনের গল্পটা দীর্ঘদিন ধরে এমন করেই চলছিল। গল্পটা এভাবেই এগিয়ে চলছিল। কিন্তু হঠাৎ করে একটা অন্যরকম ঘটনা ঘটে গেল। সেই ঘটনা জানতে চোখ রাখতে হবে নাটকে।
জানা গেছে, সিলভার স্ক্রিন প্রযোজিত সাইফুর রহমান কাজলের রচনায় নাটকটি পরিচালনা করছেন সাখাওয়াৎ মানিক। নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মিলি বাশার, ফখরুল বাশার, রিয়া, অর্ণব, মেঘলাসহ অনেকে।
পরিচালক সাখাওয়াৎ মানিক বলেন, ‘অসাধারণ একটা রোমান্টিক গল্প দিয়ে নাটকটি নির্মাণ করা হয়েছে। গল্পের প্রতিটি মুহূর্ত দর্শক উপভোগ করবেন। আশা করি, মানুষের মন ছুঁয়ে যাবে গল্পটির মাধ্যমে। এই গল্পে যাঁরা অভিনয় করেছেন, তাঁরা সবাই শতভাগ দিয়েছেন গল্পটিকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।’
অভিনেত্রী সারিকা বলেন, ‘অনেক দিন পরে একটা ভিন্ন ধরনের রোমান্টিক নাটকে অভিনয় করলাম। গল্পটা এতই প্রাণবন্ত ছিল, জোর করে অভিনয় করতে হয়নি। নিজ থেকেই অভিনয়টা চলে এসেছে। ভালো স্ক্রিপ্ট হলে অভিনেতা ও অভিনেত্রীরা যে শতভাগ দিতে পারে, এই গল্প তার প্রমাণ।’
নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন ও সিলভার স্ক্রিনের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার করা হবে।

বিনোদন ডেস্ক