তাঁদের চোখে সালমান শাহ
ঢাকাই সিনেমার নায়ক হওয়ার আগে সালমান শাহর ক্যারিয়ার শুরু হয়েছিল টেলিভিশন নাটক দিয়ে। ১৯৮৫ সালে বিটিভির ‘আকাশ ছোঁয়া’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন এই তুমুল জনপ্রিয় নায়ক। এরপর অভিনয় করেছেন ‘দেয়াল’ (১৯৮৫), ‘সব পাখি ঘরে ফেরে’ (১৯৮৫), ‘সৈকতে সারস’ (১৯৮৮), ‘নয়ন’ (১৯৯৫) এবং সবশেষ ‘স্বপ্নের পৃথিবী’ (১৯৯৬) নাটকে।
আজ সালমান শাহকে হারানোর ২৪ বছর। এমন দিনে এনটিভি অনলাইন কথা বলেছে সালমান শাহর শেষ নাটকের সহকর্মীসহ বর্তমান সময়ের ছোট পর্দার জনপ্রিয় একজন অভিনেতা, অভিনেত্রী ও পরিচালকের সঙ্গে। শুনেছে তাঁদের সালমান শাহ ভাবনার কথা।
সালমান এখনো যদি থাকত, সে-ই সেরা থাকত : তানভীন সুইটি
সালমান শাহ যখন তারকাখ্যাতির শীর্ষে ছিলেন, আমি তখনো নাটক শুরু করিনি। যখন তাঁর সঙ্গে নাটকের অফারটা এলো (‘স্বপ্নের পৃথিবী’), কাজ শুরু করলাম। আমাদের অনেকের ধারণা থাকে সিনেমার স্টাররা কেমন হবে, সেই জায়গা থেকে আমি বলব, সালমান অসাধারণ একজন মানুষ, অসাধারণ একজন সহকর্মী। তাঁর সঙ্গে কাজ করে অসম্ভব সহযোগিতা ও ভালো ব্যবহার আমি পেয়েছি। তাঁর ওই রকম মৃত্যুতে আমরা অসম্ভব ধাক্কা পেয়েছিলাম। এখন যেমন সুশান্তের ক্ষেত্রে হচ্ছে। সে সময় তো সালমান শাহর জন্য মানুষ পাগল হয়ে গিয়েছিল, আত্মহত্যাও করেছে। তাঁর মতো গুণী শিল্পীর এভাবে চলে যাওয়া শিল্পী-সহকারী হিসেবে কষ্টদায়ক। আমার মনে হয়, সালমান এখনো যদি থাকত, সে-ই সেরা থাকত।
সালমান শাহ একজনই ছিলেন, একজনই থাকবেন : মাবরুর রশিদ বান্নাহ
সালমান শাহ এক ইমোশনের নাম। আমার সিনেমা হলে গিয়ে দেখা প্রথম সিনেমা; যেটা আমি বাবা-মায়ের সঙ্গে গিয়ে দেখেছিলাম, সেটা হচ্ছে সালমান শাহর প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’। এদিক থেকে আমার কাছে সালমান শাহ ইমোশন ও ভালোবাসার জায়গায় অবস্থান করছেন। সালমান শাহ একজনই ছিলেন, একজনই থাকবেন। সালমান শাহ যেভাবে সিনেমায় স্টাইলিস্ট হিরো ব্যাপার বা ট্রেন্ডটা উপস্থাপন করেছেন, সেটা অনন্য। মান্না ভাই ছিলেন, এখন শাকিব খানের মতো স্টাইলিস্ট হিরো কাজ করছেন। অনেক ভালো অভিনেতা-অভিনেত্রী অভিনয় করছেন। আশা করি, তাঁরা ভালো করবেন। কিন্তু সালমান শাহ তাঁর জায়গায় থাকবেন। আমি মনে করি, সালমান শাহ আমাদের ক্ল্যাসিক হিরো, তিনি আমাদের চোখের সামনে থাকুন বা না থাকুন, আজীবন আমাদের হৃদয়ে থাকবেন।
ছোটবেলা থেকে আইডল ছিলেন সালমান শাহ : ফারহান আহম্মেদ জোভান
ছোটবেলা থেকে উনাকে দেখা, আসলে অনেকের সিনেমা দেখতাম। কিন্তু উনি স্পেশাল ছিলেন; কারণ উনার ইউনিকনেস, ইউনিক স্টাইলের জন্য এবং অভিনয়ের জন্য। উনি আসলে ছোটবেলা থেকে আইডল ছিলেন, এখনো আছেন। মিডিয়াতে কাজ করছি একজন আইডল থেকে, সেটাই উনি।
সালমান শাহ আমার কাছে বিগেস্ট সুপারস্টার : সাবিলা নূর
সালমান শাহ আমার কাছে বিগেস্ট সুপারস্টার। আমার কাছে মনে হয়, উনার মতো স্টাইল আইকন এখনো বাংলাদেশে কেউ নেই। সেই ‘কেয়ামত থেকে কেয়ামত’-এর সময় থেকে ট্রেন্ড চালু করা, সেটাই হচ্ছেন সালমান শাহ। উনার সঙ্গে কাজ করার সুযোগ পেলে নিজেকে অনেক লাকি মনে করতাম। কিন্তু সেই সুযোগটা হয়নি।

বিনোদন প্রতিবেদক