শুক্রবার এনটিভিতে ‘চোর’
জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচার হচ্ছে একক নাটক ‘চোর’। জোনায়েদ রশিদের গল্প ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন মোরশেদ হিমাদ্রী হিমু। এনটিভিতে আগামী শুক্রবার রাত সাড়ে ৯টায় নাটকটি প্রচার হবে।
নাটকের গল্পে দেখা যাবে, নাসিরের দুই সন্তান। বড় মেয়ের বয়স ছয় বছর, ছেলের বয়স এক বছর। নাসির একটি ব্রোকারেজ হাউসে শেয়ার ট্রেডার হিসেবে কাজ করে। অনেক দিন ধরে শেয়ার মার্কেটের অবস্থা ভালো না, সূচক ক্রমাগত পড়ছে। বিনিয়োগকারীদের মধ্যে অসন্তোষ বাড়ছে দিন দিন। তিন মাস ধরে নাসিরদের বেতনও হচ্ছে না। ধারদেনা করে কোনোরকমে চলছে। এখন তাও চলছে না, পরিচিতরা তাকে এড়িয়ে চলছে। নাসিরের স্ত্রী ফরিদা দুটো টিউশন করে, তা দিয়ে কোনোরকম সংসার চলছে তাদের।
নাসিরের বড় মেয়ে সাদিয়ার স্কুলের বেতন বাকি, বাকি পড়েছে বাড়িভাড়াও। সবদিক থেকে ভয়াবহ অর্থনৈতিক দুরবস্থা চলছে নাসির ও তার পরিবারের। এদিকে অব্যাহত লসের জন্য ম্যানেজমেন্ট ব্রাঞ্চ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নোটিশ পেয়ে নাসির বাসায় ফিরে আসে। এসে দেখে, ছেলে কান্না করছে এবং ছেলেকে খাওয়ানোর কিছু নেই। নাসিরের পকেটে টাকা নেই, ঘর থেকে বের হয়ে নিচের দোকানে যায় দুধের জন্য। কিন্তু দোকানি আগের পাওনা পরিশোধ না করলে নতুন করে বাকি দিতে অস্বীকার করে। অতঃপর নাসির একটি সুপার স্টোরে ঢোকে। দুধ চুরি করে বের হওয়ার সময় ধরা পড়ে সিকিউরিটির হাতে। ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। এভাবে এগোয় নাটক।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, আরিয়া অদৃতা, বাশার বাপ্পি, মজুমদার নাহিদ, সাদেক সাব্বির, শোভরাজ চৌধুরী প্রমুখ।

বিনোদন প্রতিবেদক