‘৭০ পার হয়েও ভাবতে হয় কাজ না থাকলে খাব কী’
একুশে পদকপ্রাপ্ত দেশের প্রখ্যাত নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক মামুনুর রশীদ বলেছেন, ‘আমি যখন ৭০ পার হয়ে গিয়েছি, তখনো আমাকে ভাবতে হয়, আমার যদি কাজ না থাকে, আমি খাব কী।’
আজ সোমবার রাজধানীর নিকেতনে ছোট পর্দার শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন বরেণ্য এ নাট্যব্যক্তিত্ব।
চলচ্চিত্রশিল্পীদের জন্য সরকার কর্তৃক কল্যাণ তহবিল গঠনের পর এবার একই দাবি জানিয়েছেন টেলিভিশন অভিনয়শিল্পীরা। এ সংক্রান্ত সংবাদ সম্মেলনে অভিনয় শিল্পী সংঘের উপদেষ্টা হিসেবে উপস্থিত থেকে মামুনুর রশীদ বলেন, ‘আমি আমার নিজের কথাই বলতে পারি; আমি যখন ৭০ পার হয়ে গিয়েছি, তখনো আমাকে ভাবতে হয়, আমার যদি কাজ না থাকে, আমি খাব কী? আমার জীবিকা কী এবং এটা শুধু আমার ক্ষেত্রে না, আজ আপনারা যাঁদের তারকা দেখেন, তাঁদের ক্ষেত্রেও দেখবেন একই পরিণতি। এককালের বিখ্যাত তারকা রাজ্জাককে দেখেছি, জীবনের শেষ পর্যায়ে তাঁকে টেলিফিল্ম করতে হয়েছে বা বিভিন্ন কাজ করতে হয়েছে।’
এর আগে চলচ্চিত্রশিল্পীদের জন্য সরকার কর্তৃক কল্যাণ তহবিল গঠনের জন্য ধন্যবাদ জানিয়ে টিভি শিল্পীরা এমন সুবিধা না পাওয়ার জন্য দুঃখ প্রকাশ করেন মামুনুর রশীদ।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সভাপতি শহীদুজ্জামান সেলিম, সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক রওনক হাসান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রাণ রায়।
স্বাধীনতা-উত্তর বাংলাদেশের মঞ্চ আন্দোলনের পথিকৃৎ মামুনুর রশীদ। তাঁর নাট্যকর্মে প্রখর সমাজ-সচেতনতা লক্ষ করা যায়। শ্রেণিসংগ্রাম তাঁর নাটকের এক গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। তিনি টিভির জন্যও অসংখ্য নাটক লিখেছেন এবং অভিনয় করেছেন। নাট্যকলায় বিশেষ অবদানের জন্য ২০১২ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

বিনোদন প্রতিবেদক