এনটিভিতে পিয়া-শিমুলের ‘গুড সিটিজেন’
জনপ্রিয় অভিনয়শিল্পী মনির খান শিমুল ও জান্নাতুল পিয়া জুটি বেঁধে একটি টেলিফিল্মে অভিনয় করেছেন। টেলিফিল্মের নাম ‘গুড সিটিজেন’। লতিফুল ইসলাম শিবলীর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন সাজ্জাদ সনি।
টেলিফিল্মটিতে শিমুল ও পিয়া ছাড়া আরো অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা শতাব্দী ওয়াদুদ। আজ দুপুর ২টা ৩৫ মিনিটে টেলিফিল্মটি এনটিভিতে প্রচারিত হবে।
পরিচালক সাজ্জাদ সনি জানান, টেলিফিল্মটির গল্প অনেক আধুনিক। নির্মাণশৈলীও অনেক যত্ন নিয়ে করা হয়েছে। শিল্পীরা চরিত্রের সঙ্গে নিজেদের মানিয়ে চমৎকার অভিনয় করেছেন।
‘গুড সিটিজেন’ টেলিফিল্মের গল্পে দেখা যায়, মাদক ব্যবসায়ী কার্লোস সান্তারিও অ্যালবার্ট আসলে একজন বাংলাদেশি। একসময় বাংলাদেশে এসে গোয়েন্দা অফিসার জামসেদের পাতা ফাঁদে ধরা পড়লেও শেষ পর্যন্ত বেরিয়ে গেছে কার্লোস। এদিকে ফাঁদে পড়ে শায়লা আহমেদ নামের এক নিরীহ নারী। নিজের অজান্তেই সে বহন করছে কার্লোসের কোকেন। শায়লাকে কেন্দ্র করে সেই কোকেন উদ্ধারে ডিবি আর মাফিয়াদের মধ্যে শুরু হয়েছে এক শীতল যুদ্ধ। এর মধ্যেই বিপর্যস্ত শায়লার সঙ্গে পরিচয় হয় জামিল নামের এক গিটারিস্টের। জামিলের রুচিবোধ, জীবনবোধ মুগ্ধ করে শায়লাকে, দ্রুত ওরা চলে আসে কাছাকাছি। শেষ দিনটিতে শায়লা জানতে পারে, কার্লোস আর জামিল একই লোক।

ফিচার ডেস্ক