রাতেই শরীর খারাপ হয় শাকিব খানের
ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান অসুস্থ হয়ে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি রয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ল্যাব এইড হাসপাতালের জরুরি বিভাগে যান তিনি।
শাকিব খানকে দেখতে হাসপাতালে গিয়েছেন পরিচালক শামীম আহমেদ রনি। তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘গতকাল রাতেই শাকিব খানের শরীর খারাপ হয়। কিন্তু তখন দেখে মনে হয়নি যে ডাক্তার দেখাতে হবে। আজ সকালে তাঁর পাকস্থলির অবস্থা খারাপ হয়। এখন ডাক্তার দেখানোর পর অবস্থার আগের থেকে একটু ভালো।’
পরিচালক রনি আরো বলেন, ভাইয়ার (শাকিব) মানসিক অবস্থা খুব একটা ভালো নেই।

পরিচালক রনি ছাড়াও হাসপাতালে উপস্থিত আছেন শাকিবের মেকাপ আর্টিস্ট সবুজ খান। তিনি জানান, শাকিব খান অধ্যাপক ডা. আবদুল ওয়াদুদ চৌধুরী তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
কাল পয়লা বৈশাখেই ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়ে ঘরে তুলে নেওয়ার কথা ছিল চিত্রনায়ক শাকিব খানের। কিন্তু বৈশাখের ঠিক আগের দিনই হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন ঢালিউডের ‘কিং খান’।

নাইস নূর