তারকাবহুল ‘ইঁদুর বিড়ালের গল্প’
ছয় পর্ব দিয়ে সাজানো হয়েছে মিনি সিরিয়াল ‘ইঁদুর বিড়ালের গল্প’। আগামীকাল শনিবার থেকে সিরিয়ালটি দীপ্ত টিভিতে সন্ধ্যা ৬টায় ও পুনঃপ্রচার করা হবে ওই দিনই রাত সাড়ে ৯টায়।
কমেডি ঘরানার তারকাবহুল নাটকটি পরিচালনা করেছেন বদরুল আনম সৌদ। নাটকটিতে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, ফজলুর রহমান বাবু, রুনা খান, নাজিবা বাসার, সাজু খাদেম প্রমুখ।
নাটকটিতে রানু চরিত্রে সুবর্ণা মুস্তাফা, নীলু চরিত্র রুনা খান ও আনিস চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। এখানে স্বামী ও স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও সুবর্ণা মুস্তাফা।
নাটকটির গল্পে দেখা যাবে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আনিস সাহেবের বোকামি পাল্লা দিয়ে বাড়ে। তার স্ত্রী রাবুও আনিসের এই জ্ঞানহীন কাজের মাশুল দিতে দিতে ক্লান্ত। সে সিদ্ধান্ত নেয়, আনিসের সঙ্গে আর থাকবে না। এরপর শুরু হয় আরেক গল্প।
নাটকটিতে কাজের অভিজ্ঞতা নিয়ে অভিনেত্রী রুনা খান বলেন, ‘আমি এই নাটকে সুবর্ণা আপার ছোট বোনের চরিত্রে অভিনয় করেছি। এখানে আমার স্বামী সাজু খাদেম ও দুলাভাই থাকেন ফজলুর রহমান বাবু। নাটকের শুটিংয়ের সময় খুব আনন্দময় সময় কেটেছে। সৌদ ভাইয়া বরাবর দারুণ কাজ করেন। তাঁর সেট অনেক গোছানো থাকে। অন্যদিকে, সুবর্ণা আপা আমার স্বপ্নের অভিনেত্রী। তাঁর সঙ্গে যখনই কাজ করি, তখনই উচ্ছ্বসিত হই। আমি তাঁর অন্ধ ভক্ত। নাটকটির গল্প অনেক মজার। আশা করছি, নাটকটি সবাইকে আনন্দ দিবে।’

ফিচার ডেস্ক