‘নজর যেন না লাগে’ নিয়ে হাজির মিলন-পূজা
প্রেমের আবহে নতুন গান নিয়ে হাজির হয়েছেন কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলন ও বাঁধন সরকার পূজা। ‘নজর যেন না লাগে’ শিরোনামের গানটি শনিবার (২৫ জুলাই) প্রকাশ পেয়েছে নাটাই মিউজিকের ইউটিউব চ্যানেলে।
গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন রোহান রাজ। প্রেমের গল্পকে কেন্দ্র করে নির্মিত গানচিত্রে মিলনের সঙ্গে মডেল হিসেবে দেখা গেছে অলংকার চৌধুরীকে। এর দৃশ্যায়ন করেছেন মোহাম্মদ বোরহান উদ্দিন মিরাজ। প্রযোজনায় ছিলেন শরিফ উদ্দিন।
নতুন গানটি নিয়ে আশাবাদী মোহাম্মদ মিলন। তিনি বলেন, ‘বর্তমানে শ্রোতারা রোমান্টিক গান বেশ পছন্দ করছেন। এই গানে প্রেমের আবহের পাশাপাশি কথা ও সুরে ভিন্নতা রাখার চেষ্টা করা হয়েছে। গানটির দৃশ্যায়নেও দর্শক-শ্রোতারা নতুন কিছু দেখতে পাবেন। পূজার সঙ্গে আমার আগের কয়েকটি গান শ্রোতারা পছন্দ করেছেন। আশা করছি, ‘নজর যেন না লাগে’ও তাদের ভালো লাগবে।’
রোহান রাজ বলেন, ‘মিলন ও পূজা দুজনই আমার প্রিয় শিল্পী। তাদের কণ্ঠে প্রকাশিত কয়েকটি গান শ্রোতাদের ভালোবাসা পেয়েছে। সেই জায়গা থেকেই নতুন গানটি তৈরির সময় তাদের শ্রোতাদের পছন্দকে গুরুত্ব দিয়েছি। বর্তমান সময়ে শ্রোতারা যে ধরনের গান শুনতে ও দেখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, ‘নজর যেন না লাগে’ তেমনই একটি গান।’
এর আগে মিলন ও পূজার কণ্ঠে ‘চুপিচুপি’, ‘তুমি ছাড়া’, ‘তোমায় ছেড়ে’ ও ‘কী করে বোঝাই’সহ বেশ কয়েকটি গান প্রকাশিত হয়েছে। এসব গানের মাধ্যমে শ্রোতাদের কাছ থেকে প্রশংসাও পেয়েছেন তারা।

বিনোদন ডেস্ক